সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানি
https://parstoday.ir/bn/news/event-i162894-সৌদি_আরবে_সড়ক_দুর্ঘটনায়_চার_বাংলাদেশির_প্রাণহানি
পার্সটুডে: সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।
(last modified 2026-09-08T07:44:39+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৬ ১৩:৩০ Asia/Dhaka
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

পার্সটুডে: সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চার প্রবাসীর বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কানাইঘাটের করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুই প্রবাসীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে। তবে অপর দুজন মৌলভীবাজারের বাসিন্দা বলে সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের স্থানীয় ইউপি চেয়ারম্যান উল্লেখ করেছেন যদিও নিশ্চিত হওয়া যায়নি। 

বিমানবন্দরগামী যাত্রীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক ও তিন যাত্রী প্রাণ হারান।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ট্রাফিক পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের হিমঘরে পাঠায়।

এদিকে দুর্ঘটনার খবর কানাইঘাটে পৌঁছালে নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।#
 

পার্সটুডে/এমএআর/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।