বিচারিক কমপ্লেক্সে হামলার মামলায় ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ
https://parstoday.ir/bn/news/event-i163698-বিচারিক_কমপ্লেক্সে_হামলার_মামলায়_ইমরানকে_আদালতে_হাজির_করার_নির্দেশ
পার্সটুডে: ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। আজ সোমবার ইসলামাবাদে মামলাটির শুনানিতে বিচারক তাহির আব্বাস সিপ্রা এ আদেশ দেন।
(last modified 2026-10-05T13:29:35+00:00 )
অক্টোবর ০৫, ২০২৬ ১৯:১৮ Asia/Dhaka
  • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পার্সটুডে: ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে হামলার মামলায় কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। আজ সোমবার ইসলামাবাদে মামলাটির শুনানিতে বিচারক তাহির আব্বাস সিপ্রা এ আদেশ দেন।

২০২৩ সালে একটি মামলায় জামিন নিতে জুডিশিয়াল কমপ্লেক্সে যান ইমরান খান। সে সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা নিরাপত্তাবেষ্টনী ভেঙে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে ভাঙচুর চালান।

ওই ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইনে ইমরান খান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা।

সোমবারের শুনানিতে বিচারক বলেন, পরবর্তী শুনানিতে ইমরান খানকে আদালতে সশরীরে হাজির করতে হবে। তা সম্ভব না হলে ভিডিও সংযোগের মাধ্যমে তাঁকে শুনানিতে যুক্ত করতে হবে।

এ মামলায় হাজির না হওয়ায় পিটিআই নেতা ফারুক হাবিব, হাম্মাদ আজহার, মুরাদ সাঈদ ও শিবলি ফারাজকে পলাতক ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পাঞ্জাব বিধানসভার সাবেক স্পিকার ওয়াসিক কাইয়ুম আব্বাসী ও পিটিআই নেতা হাসান নিয়াজির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাটির পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর অনুষ্ঠানের কথা রয়েছে। #

পার্স টুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।