বাংলাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ
https://parstoday.ir/bn/news/event-i163714-বাংলাদেশে_বেড়েছে_ডেঙ্গুর_প্রকোপ_হাসপাতালে_শয্যা_বাড়ানোর_নির্দেশ
পার্সটুডে-বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনায় ঢাকার হাসপাতালগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
(last modified 2026-10-06T06:24:05+00:00 )
অক্টোবর ০৬, ২০২৬ ১২:২৪ Asia/Dhaka
  • বাংলাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

পার্সটুডে-বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনায় ঢাকার হাসপাতালগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

ডেঙ্গু রোগীদের জন্য শয্যা খালি করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরিয়ে নেওয়া কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ঢামেক হাসপাতালে একটি ফিল্ড হাসপাতাল চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করে। এর পরে প্রয়োজনীয় নির্দেশনা আসে বলে কর্মকর্তারা জানান।

গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নয়জন মারা গেছেন—এ বছর এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৭১ জনে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের পরিস্থিতি তুলনায় যা ৫৯ জন বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এই ২৪ ঘণ্টায় এক হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৩৮০, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ হাজার ৪৫৩ জন বেশি।

চলতি বছরে সবচেয়ে প্রাণঘাতি মাস ছিল সেপ্টেম্বর। তথ্য বলছে, গত মাসে ১৪৮ জনের মৃত্যু হয়েছে (প্রতিদিন গড়ে চার দশমিক ৯৩ জন) এবং ৪৩ হাজার ৭৭৪টি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে (প্রতিদিন গড়ে এক হাজার ৪৫৯ জন)। এই দুই ক্ষেত্রেই বছরের প্রথম আট মাসে নথিভুক্ত মোট সংখ্যার তুলনায় বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। এ মাসে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু এবং আট হাজার ৭৪০ রোগী শনাক্ত হয়েছে, ফলে সরকারি হাসপাতালগুলোর ওপর চাপ আরও বেড়েছে।

হাসপাতালে হাম রোগীর সংখ্যাও বাড়তে থাকায় এমনিতেই চাপের মধ্যে রয়েছে হাসপাতালগুলো। মে মাসের পর সেপ্টেম্বরে হাম আক্রান্ত রোগী শনাক্ত ও দৈনিক গড়ে হাসপাতালে ভর্তি ছিল সবচেয়ে বেশি।

গতকাল পর্যন্ত পাঁচ হাজার ৭৫৪ জন ডেঙ্গু রোগী এবং সাত হাজার ১৯৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।