মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব
-
আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ
সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (রোববার) মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে তলব করে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ, বিচারপ্রক্রিয়া এবং শিরশ্ছেদের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার। এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক ও বিস্তারিত তথ্য জানতে চায় বাংলাদেশ সরকার। একই সঙ্গে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
মৃত্যুদণ্ডের কারণ জানতে চিঠি
এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ঘটনার পূর্ণ বিবরণ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি।
সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে বাংলাদেশের নাগরিকদের জন্য বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং দেশটিতে বসবাস ও কর্মরত বাংলাদেশিদের সেখানকার আইনকানুন মেনে চলতে হবে। কোনো ব্যক্তি ওই দেশের আইন লঙ্ঘন করলে সে দেশের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশিরা নিজেদের অর্থ ব্যয় করে বিদেশে কাজ করতে যান। তাই যে দেশে তাঁরা বসবাস করবেন, সেই দেশের আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকা জরুরি।
তবে তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, এ ধরনের খবর কেউ শুনতে চান না। সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি সরকারের জবাব পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। সেই জবাবের ভিত্তিতেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।#