কাশ্মিরে ফের গেরিলা হামলায় কর্মকর্তাসহ ২ পুলিশ নিহত: মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i11146-কাশ্মিরে_ফের_গেরিলা_হামলায়_কর্মকর্তাসহ_২_পুলিশ_নিহত_মুখ্যমন্ত্রীর_প্রতিক্রিয়া
জম্মু-কাশ্মিরে ফের গেরিলা হামলায় এক কর্মকর্তাসহ দুই পুলিশ কর্মী নিহত হয়েছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে গেরিলারা এলোপাথাড়ি গুলি চালালে পুলিশের সহকারী উপ-পরিদর্শক বাশীর আহমেদ এবং কনস্টেবল রিয়াজ আহমেদ নিহত হন। এ নিয়ে গত ১৫ ঘণ্টায় গেরিলারা দ্বিতীয়বার হামলা চালালো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৬ ১১:০৪ Asia/Dhaka
  • কাশ্মিরে ফের গেরিলা হামলায় কর্মকর্তাসহ ২ পুলিশ নিহত: মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

জম্মু-কাশ্মিরে ফের গেরিলা হামলায় এক কর্মকর্তাসহ দুই পুলিশ কর্মী নিহত হয়েছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে গেরিলারা এলোপাথাড়ি গুলি চালালে পুলিশের সহকারী উপ-পরিদর্শক বাশীর আহমেদ এবং কনস্টেবল রিয়াজ আহমেদ নিহত হন। এ নিয়ে গত ১৫ ঘণ্টায় গেরিলারা দ্বিতীয়বার হামলা চালালো।

অনন্তনাগের বাস স্ট্যান্ডে ওই পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মীদের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করেন।

গতকাল শুক্রবার বিকেলে অনন্তনাগ জেলায় বিএসএফ গাড়িবহরের উপরে গেরিলারা নির্বিচারে গুলি চালালে ৩ জওয়ান নিহত এবং ৭ জন আহত হয়।

গেরিলাদের গুলিতে নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল গিরিশ কুমার শুক্ল, কনস্টেবল মহিন্দর রাম এবং হাবিলদার দীনেশ। সেই ঘটনার জের না মিটতেই এবার দ্বিতীয় দফার হামলা করলো গেরিলারা।

গতকালের গেরিলা হামলায় হতাহতের পরেই জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়ে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে সমালোচনা করেন। তিনি বলেন, ‘কাশ্মিরিদের উপরে আপনাদের কি ধরণের ভালবাসা? নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপরে আক্রমণ করে কী ফায়দা হবে?’

মেহবুবা বলেন, ‘ওই জওয়ানদের কী অপরাধ আছে? তারা তো ঘর থেকে বেরোতে বাধ্য হয়েছে। যদি ওই জওয়ানরা গুলি চালায় তাহলে ওই সব লোকেরাই নিহত হবে যাদের সম্পর্কে আপনারা বলেন, ওদের আমরা খুব ভালবাসি। আমি এ ঘটনার নিন্দা করছি।’

তিনি বলেন, ‘রাজ্যে সবে পর্যটন শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে এখানে পর্যটন কমে এসেছিল। এবার তা পুনরায় শুর হয়েছে। এমতাবস্থায় এই হামলা ভুল বার্তা পৌঁছাবে।’

আগামী ১৯ জুন অনন্তনাগ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা নিজেই। যদিও তার আগেই অনন্তনাগে একের পর এক শুরু হয়েছে গেরিলা হামলা। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৪