উত্তরকন্যা’ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও ডিওয়াইএফআই কর্মীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ
ভারতের পশ্চিমবঙ্গে সিপিএমের যুব সংগঠন ‘ডিওয়াইএফআই’য়ের পক্ষ থেকে শিলিগুড়ির মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ওই কর্মসূচিতে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে এ সময়ে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। ওই ঘটনায় ডিওয়াইএফআইয়ের নেত্রী ও রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিসহ কয়েকজন ডিওয়াইএফআই সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি ঢিল মারার অভিযোগ অস্বীকার করে আজ বলেন, ‘পুলিশকে বললাম মারছেন কেন? পুলিশ তো দাঁড়াতে পারত। পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন আমাদের স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আমরা তো কাগজ নিয়ে গিয়েছিলাম। দেখালামও। বলেছিলাম স্মারকলিপি দিতে চাই। লাঠিচার্জ বন্ধ করুন। স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করুন, কী জবাব দিচ্ছেন নিয়ে যাব। কিন্তু পুলিশের কী ভূমিকা? পুলিশের কী এই কাজ?’
আজ শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা উত্তরকন্যার দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। কিন্তু আন্দোলনকারীরা অনড় থাকলে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পাল্টা ঢিল ছোড়েন ডিওয়াইএফআইয়ের কর্মীরা। ওই ঘটনায় একাধিক ডিওয়াইএফআই কর্মী এবং পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রতিবাদসহ একাধিক ইস্যুতে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে আজ উত্তরকন্যা অভিযানে শামিল হয় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। পুলিশ তাদেরকে তিনবাত্তি মোড়ে ব্যারিকেড করে আটকে দেয়। কিন্তু বাম যুবকর্মীরা উত্তরকন্যা পর্যন্ত যাওয়ার দাবিতে অনড় ছিলেন। পুলিশ এ সময়ে আন্দোলনরত ডিওয়াইএফআই কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিলেও বামকর্মীরা না সরে গিয়ে একটি ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। আন্দোলনকারীরা এ সময়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পুলিশের অভিযোগ, আন্দোলনকারীরা তাদের উদ্দেশ্য করে ঢিল ছোড়ে। কিন্তু বামকর্মীদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি আহত হওয়ায় তাকে পাঁজাকোলা করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে ডিওয়াইএফের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বলেছিলেন, দুনীর্তি ও বালি, পাথর লুটের প্রতিবাদে এবং রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগসহ একাধিক দাবিতে ‘উত্তরকন্যা অভিযান’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।