‘কেজরিওয়াল যদি চোর হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে পৃথিবীতে সৎ কেউ নেই’
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও ‘আম আদমি পার্টি’র প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, কেজরিওয়াল যদি চোর হয়, কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে পৃথিবীতে সৎ কেউ নেই।’
তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’। আগামীকাল (রোববার) সকাল ১১টায় কেজরিওয়ালকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ‘সিবিআই’। সাম্প্রতিককালে এভাবে কোনও দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের তলব করার ঘটনা কার্যত নজিরবিহীন।
আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া। আপাতত তিনি তিহার জেলে বন্দি আছেন। আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে দিল্লির মুখ্যমন্ত্রী ও ‘আম আদমি পার্টি’র প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, গত এক বছর ধরে বিজেপি চিৎকার করছে যে দিল্লিতে আবগারি দুর্নীতি হয়েছে এবং দেশের সমস্ত তদন্তকারী সংস্থা সব কিছু ছেড়ে দিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু কোনও আবগারি দুর্নীতি হয়নি। এই লোকেরা মিথ্যা কথা বলে মামলা করেছে এবং বলেছে আবগারি দুর্নীতি হয়েছে।
কেজরিওয়াল বলেন, ‘ভারতের ইতিহাসে আম আদমি পার্টির মতো খারাপভাবে কোনো একটি দলকে নিশানা করা হয়নি। প্রথমে নাম্বার ২কে গ্রেফতার করেছে, নাম্বার ৩কে গ্রেফতার করেছে। তাদেরকে গ্রেফতার করার উদ্দেশ্যই ছিল যাতে আমার পিছনে লাগতে পারে। এবার তারা আমার পেছনে লেগেছে।’
একই সঙ্গে কেজরিওয়ালের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ৭৫ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল যে যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের কথা বলতেন তাদের দুর্নীতিতে নিমজ্জিত হতে দেখা যাচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রী জেলে গেছেন এবং তারা এখন বিশ্বের কাছে জ্ঞান বিতরণ করছেন। তদন্তকারী সংস্থাগুলো তাদের কাজ করছে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর।#
পার্সটুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।