পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উৎখাতের চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু অধিকারী
https://parstoday.ir/bn/news/india-i122210-পশ্চিমবঙ্গের_মুখ্যমন্ত্রীকে_উৎখাতের_চ্যালেঞ্জ_জানালেন_শুভেন্দু_অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে গণতান্ত্রিকভাবে উৎখাতের চ্যালেঞ্জ জানিয়েছেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
এপ্রিল ২০, ২০২৩ ১৫:১৪ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারী
    শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে গণতান্ত্রিকভাবে উৎখাতের চ্যালেঞ্জ জানিয়েছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘আপনি আমাকে হারাতে চেয়েছিলেন। কিন্তু নিজে হেরে গেছেন। আপনার অব্যক্ত যন্ত্রণা থাকবে। আপনি রাজ্যের প্রশাসনিক চেয়ার বসে বলছেন ভুঁইফোড়, কিম্ভূতকিমাকার! এই ভুঁইফোড়ের কাছে তো ১ হাজার ৯৫৬ ভোটে হারতে হয়েছে। আর আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব। গণতান্ত্রিক পদ্ধতিতে করব। আদা জল খেয়ে লেগেছিলাম ২০০৭ সালে সিপিএমকে নন্দীগ্রাম থেকে তাড়াব। মানুষকে সঙ্গে নিয়ে তাড়িয়ে ছেড়েছি। গণতান্ত্রিক পদ্ধতিতে তাড়িয়েছি।’

শুভেন্দু অধিকারী মমতাকে নিশানা করে আজ আরও বলেন, ২০২০-এ অমিত শাহর উপস্থিতিতে বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়েছিলাম। সেদিন থেকে শপথ নিয়েছি পশ্চিমবঙ্গে পরিবারবাদ, দুর্নীতি ও তোষণ যার জনক আপনি, সঙ্গে আপনার ভাইপো। গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে সংসদীয় ব্যবস্থায় লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আপনাকে উৎখাত করব।’  

এদিকে, রাজ্যে ক্ষতাসীন তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ বার ফোন করেছিলেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ (বৃহস্পতিবার) তিনি তার প্রমাণ দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার ওই  চ্যালেঞ্জ কার্যত ফাঁকা আওয়াজ হিসেবেই প্রতিপন্ন হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  শুভেন্দুর ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনও ভিত্তি নেই বলে উড়িয়ে দিয়েছিলেন। এমনকী, শুভেন্দু অধিকারী যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে পদত্যাগ করার কথাও ঘোষণা দিয়েছিলেন মমতা। কিন্তু আজ বিধানসভায় সংবাদ সম্মেলনে ওই বিষয়ে কোনও প্রমাণ দিতে পারেননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  এভাবে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনের কথোপকথন প্রকাশ্যে আনা যায় না। একমাত্র বিচারব্যবস্থাই তা করতে পারে। তাই বলছি, উনি এ বিষয়ে আমার বিরুদ্ধে মামলা করুন। তখন আদালত এই ফোনের প্রমাণ চাইলে কল রেকর্ড প্রকাশের জন্য আবেদন জানাব বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২০   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।