মধ্য প্রদেশে অবৈধ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হবে:ভিডি শর্মা
https://parstoday.ir/bn/news/india-i122238-মধ্য_প্রদেশে_অবৈধ_মাদ্রাসা_গুঁড়িয়ে_দেওয়া_হবে_ভিডি_শর্মা
ভারতে বিজেপিশাসিত মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, মাদ্রাসায় মৌলবাদ ও চরমপন্থা বরদাশত করা হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২১, ২০২৩ ১৩:১১ Asia/Dhaka
  • ভারতের মধ্য প্রদেশের রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা
    ভারতের মধ্য প্রদেশের রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা

ভারতে বিজেপিশাসিত মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, মাদ্রাসায় মৌলবাদ ও চরমপন্থা বরদাশত করা হবে না।

তিনি বলেছেন, এ ধরনের মাদ্রাসাগুলো পর্যালোচনা করা হবে।আর কয়েক মাস পর মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য প্রকাশ্যে এল।

অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা বলেছেন, মাদ্রাসাগুলো যদি অবৈধ পাওয়া যায় তবে তাদের ওপর  বুলডোজার চালানো হবে। মাদ্রাসা নিয়ে বিজেপির এই অবস্থানের পর মাদ্রাসা পরিচালনাকারীরা বলছেন, একটি শ্রেণিকে নিশানা করা হচ্ছে। একইসঙ্গে সরকারের এই পদক্ষেপকে সংবিধানবিরোধী বলে অভিহিত করেছে বিরোধী দল কংগ্রেস।মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে মৌলবাদ শিক্ষাদানকারী মাদ্রাসাগুলো তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

গত (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবরাজ সিং চৌহান এক বার্তায় বলেন, 'মধ্য প্রদেশে অবৈধ মাদ্রাসা, প্রতিষ্ঠান; যেখানে মৌলবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, তা  পর্যালোচনা করা হবে। মৌলবাদ ও চরমপন্থাকে বরদাশত করা হবে না। শিবরাজ সিং চৌহান বলেন, তিনি এ বিষয়ে কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন।গত বছর ৩ আগস্ট গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের ধর্ম ও সংস্কৃতি মন্ত্রী উষা ঠাকুর জেলা শিক্ষা কর্মকর্তাদের কথিত ভুয়া মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

একইসময়ে,  গত বছর ১৫ এপ্রিল, উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক রামেশ্বর শর্মা বলেছিলেন, মাদ্রাসায় কী পড়ানো হয় তা বিশ্বের প্রতিটি দেশ জানে, তাই প্রত্যেকটি মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা উচিত।এদিকে, ভোপালের মাদ্রাসা পরিচালকদের অসন্তোষ প্রকাশ্যে এসেছে। তাদের বক্তব্য-  একটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সময়ে, কংগ্রেসের রাজ্য মিডিয়া ইনচার্জ কেকে মিশ্র সরকারের সিদ্ধান্তকে সাম্প্রদায়িক, সংবিধানবিরোধী এবং দাঙ্গা-উদ্দীপক মানসিকতা বলে অভিহিত করেছেন।

রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা বলেছেন, অবৈধ মাদ্রাসার ওপর অবশ্যই বুলডোজার চালানো উচিত। সরকারের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, 'এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুধু মাদ্রাসা নয়, প্রতিটি প্রতিষ্ঠান পর্যালোচনা করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত সবার স্বার্থে। মাদ্রাসাগুলোতে কী ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে তা পর্যালোচনা করেতে হবে। অবৈধ মাদ্রাসাগুলোকে বুলডোজ করা উচিত এবং শুধু মাদ্রাসাই নয়, অবৈধ যেকোনো কিছুকে বুলডোজ করা উচিত বলেও রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/আমির/২১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।