মমতা যা বলেছেন, করে দেখিয়েছেন, মোদী প্রতিশ্রুতি রাখেননি: অভিষেক
-
অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা করে দেখিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদী নির্বাচনের সময়ে যা বলেছেন, সেই প্রতিশ্রুতি রাখেননি।
তিনি আজ (শুক্রবার) জলপাইগুড়ি জেলার মালবাজারে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। অভিষেক বলেন, ‘আগামী পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, যাই হোক না কেন, যেকোনো ভোট হোক না কেন, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, সেটা করে দেখিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদী যেটা বলেছেন, ভোটে বলার পর কেটে পড়েছেন। আর এদের চোখে দেখা যায়নি। অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বিজেপি নেতাদের দু’বছরের মধ্যে খুঁজে পাওয়া যায়নি।’
অভিষেক বলেন, ‘৯ বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত ৯ বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন। যদি আপনি দেখাতে পারেন কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রীর একটা দল এই মাটিতে কোনও একটা মিটিং করেছে কুচবিহার, আলীপুরদুয়ার, জলপাইগুড়ি, নাগরাকাটা, মালবাজার, তুফানগঞ্জে, ধুপগুড়ি, ময়নাগুড়িসহ একটা এলাকায়, ৯ বছরে নরেন্দ্র মোদীর সরকার একটা মিটিং করেছে মানুষের উন্নয়নের স্বার্থে, তাহলে আমি আপনাদের কাছে কোনোদিন সমর্থন চাইতে আসব না এবং এই মাটিতে পা রাখব না। একটা মিটিং, কেউ দেখাতে পারবে না। আপনাদের ভোট নিয়েছে আর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে। সেই কারণেই ২০২১ সালে আমরা বহিরাগতদের বিদায় দেওয়ার ডাক দিয়েছিলাম।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ধুপগুড়িতে হজরত দরবেশ বাবার মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন।
এ সম্পর্কে তিনি এক বার্তায় বিষয়টি উল্লেখ করে বলেন, জনসংযোগ যাত্রা চলাকালীন আমি হজরত দরবেশ বাবার মাজার পরিদর্শনে গিয়েছিলাম। ধার্মিক-সামাজিক ক্ষেত্রে এই মাজারের প্রাসঙ্গিকতা অনন্য। বহু মানুষ আজ আমার সঙ্গে এখানে জড়ো হয়েছিলেন। তাদের সমর্থন এবং ভালোবাসাই আমাদের সামনের দিনে এগিয়ে চলার শক্তি’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।