মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেন শশী থারুর
-
শশী থারুর
ভারতের মণিপুরে সাম্প্রতিক সহিংসতা ইস্যুতে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর।
তিনি আজ (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত মন্তব্য করেছেন। শশী থারুর এক বার্তায় বলেছেন, ‘মণিপুরে যেভাবে সহিংসতা চলছে তাতে যে কোনও সঠিক চিন্তার মানুষ প্রশ্ন তুলবেন সেই সুশাসন কোথায় যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে বিজেপিকে ফেরানোর এক বছরের মধ্যে এই পরিস্থিতি তৈরি হওয়ায় মণিপুরের ভোটাররা নিজেদের প্রতারিত ভাবতেই পারেন। এটাই রাষ্ট্রপতি শাসন জারির সময়। রাজ্য সরকার তাদের কাজ করতে ব্যর্থ, যে জন্য তাদের নির্বাচিত করা হয়েছিল।’
এদিকে, সহিংসতা কবলিত রাজ্যটিতে আজ (রোববার) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চূড়াচাঁদপুরে সাময়িকভাবে কারফিউ তোলা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভাল হয়েছে বলে প্রশাসনের দাবি।
অন্যদিকে, মণিপুর থেকে বিভিন্ন রাজ্যের বাসিন্দা ও শিক্ষার্থীদের উদ্ধারকাজ চলছে জোরকদমে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজে উদ্ধার কাজ তদারকি করছেন। এ পর্যন্ত কমপক্ষে ৮৩ জন ছাত্রকে বিমানে মণিপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে। নাগাল্যান্ড সরকার নিজ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারে ২২টি বাসের ব্যবস্থা করেছে। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মণিপুর থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, মণিপুর ট্রাইবাল ফোরাম রাজ্যে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার নেপথ্যে বিজেপির সমর্থন রয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে। আবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ আদালত কেন্দ্র ও রাজ্য সরকারকে ঘরছাড়া মণিপুরি আদিবাসীদের ঘরে ফেরানোর নির্দেশ দিক। আদিবাসীদের নিরাপত্তা দিয়ে তাদের ঘরে ফেরানোর আবেদন জানানো হয়েছে। জনস্বার্থ মামলায় আরও দাবি করা হয়েছে, আদিবাসীদের উপর হামলা চলছে, তাতে পূর্ণ মদদ আছে রাজ্যের শাসকদল বিজেপির।
আবেদনকারী পক্ষের অভিযোগ, এ পর্যন্ত আদিবাসী মৃত্যু ও আহতদের তরফে কোনও এফআইআর গ্রহণ করেনি রাজ্যের পুলিশ। পুলিশ শাসকদলের পক্ষাবলম্বন করছে। শীর্ষ আদালতের কাছে আবেদনে একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠনের দাবি জানানো হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।