সিপিএমের আমলে চিরকুটে চাকরি দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ করছি: মমতা বন্দ্যোপাধ্যায়
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিপিএমের আমলে চিরকুটে চাকরি দেওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি।
তিনি আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে সিপিএমকে নিশানা করে ওই মন্তব্য করেন। রাজ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে সিপিএমের পক্ষ থেকে একনাগাড়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হচ্ছে। একইভাবে ওই ইস্যুতে বিজেপিও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছে। আদালতেও ওই ইস্যুতে মামলা চলছে।
মুখ্যমন্ত্রী আজ নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সিপিএমের আমলে (নিয়ম না মেনে) ‘চিরকুট’-এ চাকরি দেওয়া হয়েছে বলে চ্যালেঞ্জ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা আজ বলেন, ‘আমরা বেআইনি কিছু করতে চাই না, করবও না। চিরকুটে চাকরি তো সিপিএম দিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করে বলছি। তিনি এ ব্যাপারে বলেন, (সিপিএমের মুখপত্র) ‘গণশক্তি’তে যারা কাজ করত বা এখনও করে অনেকে তাদের বউরা কীভাবে শিক্ষকতায় চাকরি পেল? একটা পর্যালোচনা করলেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রায় দেড় বছর ধরে তোলপাড় চলছে। গত সপ্তাহে প্রশিক্ষণহীন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করেছে কলকাতা হাই কোর্ট। ২০১৪ সালের ‘টেট’ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাদের প্রশিক্ষণ নেই, তাদের চাকরি বাতিল হয়েছে। অভিযোগ ওঠে, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে হয়নি। অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে আদালত কঠোর নির্দেশ দিয়ে আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে বলেছে। কোলকাতা হাই কোর্টের রায়ের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেন। এবং অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।