'মোদির গ্যারান্টি ফাঁপা'
ছত্তিসগড়ে পুনরায় কংগ্রেস ক্ষমতায় এলে বিহারের মতো জাতি শুমারি করব : প্রিয়াঙ্কা
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী ছত্তিসগড়ে পুনরায় কংগ্রেস সরকার ক্ষমতায় এলে বিহারের মতো জাতি শুমারি করা হবে বলে মন্তব্য করেছেন।
ছত্তিসগড়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজ (শুক্রবার) দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। প্রসঙ্গত, জাতি শুমারির বিরোধিতায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য প্রদেশের এক সভায় বক্তব্য রাখার সময়ে বিরোধীদের সমালোচনা করে বলেছিলেন, ‘বিরোধীরা জাতের নামে দেশকে বিভাজনের দিকে ঠেলে দিতে চাচ্ছে। বর্ণের মাধ্যমে বিভাজনের চেষ্টা চালানো পাপ।’
উল্লেখ্য, সম্প্রতি বিহারে ‘জেডিইউ’ নেতা ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট সরকার জাতি শুমারি শেষে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় রাজনৈতিক মহলে নয়া সমীকরণের সৃষ্টি হয়েছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ একইসঙ্গে রাজ্য পুনরায় তাদের সরকার গঠিত হলে দরিদ্রদের ১০ লাখ ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকে, ছত্তিসগড়ের পাশাপাশি রাজস্থান, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, বিজেপির একটাই লক্ষ্য অবশিষ্ট আছে, যে কোনও উপায়ে ক্ষমতায় থাকা। তাদের সহযোগীরা বড় বড় শিল্পপতি এবং তারা তাদের জন্য কাজ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তার গ্যারান্টি ফাঁপা। বর্তমানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব খুব বেশি। এই লোকেরা তাদের জন্য কিছুই করছে না। তার অভিযোগ- বিজেপি গরিবদের সম্পত্তি ধনীদের হাতে তুলে দিতে কাজ করছে। অন্যদিকে, কংগ্রেস সবসময়ই মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছে।
তিনি বলেন, ‘আমরা রামপথ গমন নির্মাণ করেছি এবং সেগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করেছি। ভগবান রাম রাজ্যের যেখানেই গিয়েছেন, সেখানেই আমরা পর্যটন কেন্দ্রে পরিণত করেছি। মহাত্মা গান্ধী থেকে রাজীব গান্ধী পর্যন্ত পঞ্চায়েতি রাজের স্বপ্ন পূরণ করেছে কংগ্রেস সরকার। কেন্দ্রীয় সরকারের ভুল নীতিতে আজ গরিব ও মহিলারা কষ্ট পাচ্ছে।’
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘বর্তমানে সারা দেশে কৃষকরা দুর্ভোগে আছেন। কিন্তু এখানে (ছত্তিসগড়) কৃষকরা খুশি কারণ আমরা কৃষকদের জন্য অনেক কাজ করেছি। যেখানেই কংগ্রেস ক্ষমতায় আছে, আমরা সেই রাজ্যের গরিব ও কৃষকদের জন্য কাজ করেছি। আমাদের সরকার রাজ্যে পুনরায় ক্ষমতাসীন হলে আমরা দশ লাখ দরিদ্র মানুষকে ঘর দেবো। আপনি যদি সচেতন হন তবে আপনি কেবল কংগ্রেসকেই ভোট দেবেন বলেও মন্তব্য করেন কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী। আজকের ওই সমাবেশে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলসহ কংগ্রেসের অন্য নেতারা উপস্থিত ছিলেন। #
পার্সটুডে/এমএএইচ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।