জম্মু-কাশ্মির বিধানসভায় পাকিস্তানবিরোধী স্লোগান, বিমান হামলার দাবি
https://parstoday.ir/bn/news/india-i13180-জম্মু_কাশ্মির_বিধানসভায়_পাকিস্তানবিরোধী_স্লোগান_বিমান_হামলার_দাবি
জম্মু-কাশ্মির বিধানসভায় পাকিস্তানবিরোধী স্লোগান দিয়েছে বিজেপি। গত শনিবার গেরিলা হামলায় ৮ সিআরপিএফ জওয়ান নিহত এবং ২২ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি করে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৬ ০৭:৫৬ Asia/Dhaka
  • বিজেপি বিধায়ক রবীন্দ্র রায়না
    বিজেপি বিধায়ক রবীন্দ্র রায়না

জম্মু-কাশ্মির বিধানসভায় পাকিস্তানবিরোধী স্লোগান দিয়েছে বিজেপি। গত শনিবার গেরিলা হামলায় ৮ সিআরপিএফ জওয়ান নিহত এবং ২২ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি করে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দেন।

বিজেপি বিধায়ক রবীন্দ্র রায়না বলেন, ‘ভারতের সহ্য শক্তি শেষ হয়ে গেছে, এবার থেকে এরকম হামলা বরদাস্ত করা হবে না।’ তিনি দাবি করেন, ‘পাকিস্তান পিওকে-তে সন্ত্রাসী ক্যাম্প চালাচ্ছে সুতরাং বিমানবাহিনীকে পিওকে-তে বিমান হামলা চালানোর অনুমতি দেয়া উচিত যাতে সমস্ত সন্ত্রাসী শিবির নির্মূল করা যায়।’

বিজেপি বিধায়করা এ দিন পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাব পাস করারও দাবি তোলেন। বিজেপি সদস্য সূচি পাল শর্মা অধ্যক্ষের উদ্দেশ্যে বলেন, ‘ক্রমশ হামলা বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের স্পন্সরে এ সব হামলা হচ্ছে। আমরা পাম্পরে সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করছি।’ তিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাব পাস করানোরও দাবি জানান।

এ সময় নির্দলীয় বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ বলেন, ‘আপনাদের এখানে দাবি তোলার কি প্রয়োজন? সরকার তো আপনাদেরই, আপনারা যখন ইচ্ছা এই হামলার তদন্ত করাতে পারেন।’ উপত্যাকায় আরএসএস সমর্থিত সরকার গঠন হওয়ার পর থেকে হামলার ঘটনা বেড়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় বিজেপি বিধায়ক রবীন্দর রায়না পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে পাক শাসিত কাশ্মিরে কথিত সন্ত্রাসী শিবির গুঁড়িয়ে দেয়ার জন্য বিমান হামলা চালানোর দাবি তোলেন। কেন্দ্রীয় সরকারকে ওই সব শিবিরে বোমা হামলা চালানো উচিত বলে তিনি মন্তব্য করেন।

রাজ্যে পিডিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এ ক্ষেত্রে পিডিপিকে অবশ্য বিজেপি’র সঙ্গে যোগ দিতে দেখা যায়নি।

জম্মু-কাশ্মিরে পিডিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় এ নিয়ে তৃতীয় দফায় বিধানসভায় পাকিস্তান বিরোধী স্লোগান উঠল।

গণমাধ্যমে প্রকাশ, গতবছর ২২ মার্চ বিজেপি সদস্যরা জম্মু এলাকায় সাম্বা এবং কঠুয়াতে ফিদাইন হামলার ঘটনায় পাকিস্তান বিরোধী স্লোগান দেন। এরপর ৭ এপ্রিল দক্ষিণ এবং মধ্য কাশ্মিরে তিনটি হামলায় ৩ পুলিশ কর্মী নিহত হওয়ার ঘটনায় বিজেপি সদস্যরা পাক বিরোধী স্লোগান দেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮