করোনা: ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজার নয়া সংক্রমণ, মৃত ৮৪৮
https://parstoday.ir/bn/news/india-i82523-করোনা_ভারতে_২৪_ঘণ্টায়_প্রায়_৬১_হাজার_নয়া_সংক্রমণ_মৃত_৮৪৮
ভারতে মারণ ব্যাধি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজার নয়া সংক্রমণ হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৯৭৫ জন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন। একইসময়ে ৮৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৫, ২০২০ ০৭:৫৫ Asia/Dhaka
  • করোনা: ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজার নয়া সংক্রমণ, মৃত ৮৪৮

ভারতে মারণ ব্যাধি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজার নয়া সংক্রমণ হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৯৭৫ জন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন। একইসময়ে ৮৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গেছেন ৫৮ হাজার ৩৯০ জন রোগী। হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে চিকিৎসায় করোনা মুক্ত হয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৫৮৫ জন করোনা রোগী। এরফলে বর্তমানে ৭ লাখ ৪ হাজার ৩৪৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

করোনায় মৃত মোট ৫৮ হাজার ৩৯০ জনের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্র রাজ্যেই ২২ হাজার ৪৬৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে ১ লাখ ৬৮ হাজার ৪৪৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২ হাজার ৪৯০ জন। মহারাষ্ট্রে মোট ৬ লাখ ৯৩ হাজার ৩৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আসিএমআর) তথ্যে প্রকাশ, গতকাল ২৪ আগস্ট (সোমবার) পর্যন্ত মোট ৩ কোটি ৭২ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকালই ৯ লাখ পরীক্ষা হয়েছে।

মনোহর লাল খাট্টার

হরিয়ানার মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত

এদিকে, ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টার গতকাল সন্ধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রী খাট্টার নিজেই ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আজ করোনা পরীক্ষা করিয়েছি, রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সকল সহকর্মী ও সহযোগীদের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি যারা গত সপ্তাহে আমার সংস্পর্শে ছিলেন তাঁরাও করোনা পরীক্ষা করান।’ গতকাল রাতে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল (সোমবার) হরিয়ানা বিধানসভার স্পিকার জ্ঞান চন্দ্র গুপ্ত ও রাজ্যের দু’জন বিজেপি বিধায়কও করোনা আক্রান্ত হয়েছেন। এরপরে রাজ্যের পরিবহণমন্ত্রী মূলচাঁদ শর্মা করোনা আক্রান্ত হয়েছেন। 

কর্মকর্তারা বলেন, বিধানসভার ৬ কর্মীও করোনা সংক্রমিত হয়েছেন এবং বিধায়ক অসীম গোয়েল ও রাম কুমার করোনা আক্রান্ত হয়েছেন। আগামীকাল (বুধবার) থেকে হরিয়ানা বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, স্পিকার, বিধায়করা করোনা আক্রান্ত হওয়ায় প্রস্তাবিত অধিবেশন অনিশ্চিত হয়ে উঠল বলে মনে করছেন বিশ্লেষকরা।   

গত ২০ আগস্ট কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত করোনা আক্রান্ত হন। তাঁর সাথে কিছুদিন আগেই বৈঠক করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। এরপরেই কোয়ারেন্টাইনে যান মুখ্যমন্ত্রী খাট্টার। এবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এলো। এ পর্যন্ত ৬ কেন্দ্রীয় মন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন।         

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।