টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে: কোহলি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোনও দলের কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল। আবার পাকিস্তানও টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার কোনও দলের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল।
লজ্জার হারের পর সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, “নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। শুরুতেই তিন উইকেট হারালে কাজ কঠিন হয়েই যায়। শিশির পড়বে জানাই ছিল। ব্যাট হাতে পেশাদারদের মতো খেলল পাকিস্তান। যত সহজে ওদের ব্যাটার খেলেছে, এই পিচে খেলা ততটা সহজ ছিল না। আরও ১০, ২০ রান দরকার ছিল আমাদের। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আমাদের সেটা করতে দেয়নি।”
তবে এখনই ভেঙে পড়ছেন না কোহলী। তিনি বলেন, “আমরা এখনই আতঙ্কিত হচ্ছি না। প্রতিযোগিতা সবে শুরু হল। এটাই শেষ নয়।”
প্রথম বলেই আউট হয়ে যাওয়া রোহিতের বদলে ঈশান কিষাণকে দলে নেওয়া উচিত ছিল কিনা- সাংবাদিক সম্মেলনে প্রশ্ন শুনে মেজাজ হারালেন কোহলি। পরে হেসে তিনি বলেন, “আপনি বিতর্ক চাইলে আগে থেকে বলবেন, সেই মতো তৈরি হয়ে আসব। রোহিত আগের ম্যাচে কী খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিত?”
পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি ছিল না ভারত? আগে থেকে এই ম্যাচ নিয়ে ভাবেনি? গুরুত্ব দেয়নি বাবর আজমদের? এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, “দলের ভিতরে কী হচ্ছে, আর বাইরে থেকে মানুষ কী ভাবছে তা সম্পূর্ণ আলাদা। আমরা জানতাম এই ম্যাচের গুরুত্ব কতটা। সেই অনুযায়ী তৈরি হয়েই নেমেছিলাম। কিন্তু পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে।”
হার দিয়ে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু প্রসঙ্গে কোহলি বলেন, “আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছি। পরের ম্যাচে সেইগুলো শুধরে নিয়েই নামার চেষ্টা করব। নিজেদের ক্ষমতা অনুযায়ী দল নামানো হয়েছিল। কিন্তু সেটা কাজে লাগেনি। পরের ম্যাচে কী হবে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করা হবে।”#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।