ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসি'র ১৪ সদস্য শহীদ
https://parstoday.ir/bn/news/iran-i159060-ইরানে_অবিস্ফোরিত_বোমা_নিষ্ক্রিয়_করতে_গিয়ে_আইআরজিসি'র_১৪_সদস্য_শহীদ
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের যানজান প্রদেশে মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে তাদের ১৪ জন সদস্য শহীদ এবং দুইজন আহত হয়েছেন।
(last modified 2026-05-02T12:27:04+00:00 )
মে ০২, ২০২৬ ১৮:০০ Asia/Dhaka
  • একটি অবিস্ফোরিত বোমা
    একটি অবিস্ফোরিত বোমা

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের যানজান প্রদেশে মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে তাদের ১৪ জন সদস্য শহীদ এবং দুইজন আহত হয়েছেন।

গতকাল (শুক্রবার) আইআরজিসির বিশেষজ্ঞ দল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর অবিস্ফোরিত বোমা ও গোলা শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ করছিল। এসময় একটি অবিস্ফোরিত বোমা হঠাৎ বিস্ফোরিত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, নিহতরা সবাই অভিজ্ঞ, প্রশিক্ষিত এবং বিশেষজ্ঞ সদস্য ছিলেন, যারা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সামনের সারিতে কাজ করছিলেন। তারা দেশের নিরাপত্তা ও শান্তির জন্য জীবন উৎসর্গ করেছেন বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ক্লাস্টার বোমা ও অন্যান্য বিস্ফোরক ব্যবহারের কারণে যানজানের বিস্তীর্ণ এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রায় ১,২০০ হেক্টরের বেশি এলাকা, যার মধ্যে কৃষিজমিও রয়েছে, এসব বিস্ফোরকের হুমকির মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে আইআরজিসির বোমা নিষ্ক্রিয়কারী দলগুলো ঝুঁকি নিয়ে এসব বিস্ফোরক শনাক্ত ও অপসারণের কাজ চালিয়ে যাচ্ছিল।

আইআরজিসির বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীল সেবায় তাদের অঙ্গীকার অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে যুদ্ধ শুরু করে এবং দেশটির পারমাণবিক স্থাপনা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী “অপারেশন ট্রু প্রমিজ ৪” এর আওতায় ১০০ দফা পাল্টা হামলা চালায়, যেখানে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি ও অধিকৃত অঞ্চলে ইসরায়েলি অবস্থান লক্ষ্যবস্তু করা হয়।#

পার্সটুডে/এমএআর/২