যুক্তরাষ্ট্র সাধারণ মানুষের পণ্যবাহী ২ ছোট নৌকায় গুলি চালিয়েছে
পার্সটুডে- ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআর জিসি'র স্পিডবোটের পরিবর্তে সাধারণ মানুষের পণ্যবাহী ২টি ছোট নৌকায় গুলি চালিয়েছে।
মার্কিন সেনাবাহিনী যে ৬টি ইরানি স্পিডবোটকে লক্ষ্যবস্তুতে আঘাত করার দাবি করেছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, আইআরজিসি'র কোনো যুদ্ধজাহাজই আঘাতপ্রাপ্ত হয়নি।
তাই বিষয়টির প্রকৃতি জানতে স্থানীয় সূত্র থেকে তদন্ত করা হয় এবং এতে জানা যায়, মার্কিন আগ্রাসী বাহিনী ওমানের উপকূলের খাসাব এলাকা থেকে ইরানের উপকূলের দিকে যাত্রারত সাধারণ মানুষের পণ্যবাহী ২টি ছোট নৌকায় হামলা ও গুলি চালায়। এতে নৌকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং ৫ জন বেসামরিক আরোহী নিহত হন। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাব দিতে হবে।
সামরিক সূত্রটি আরও জোর দিয়ে বলেছে, শত্রুপক্ষের এই তড়িঘড়ি ও অদক্ষ আচরণ মূলত আইআরজিসি'র স্পিডবোট অভিযানের বিষয়ে মার্কিন সেনাদের অতিরিক্ত ভয় ও আতঙ্কের কারণে ঘটে থাকতে পারে।#
পার্সটুডে/এস এ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন