আমেরিকা ও ইসরায়েল বিনোদনের জন্য মানুষ হত্যা করছে: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের প্রকৃতি সম্পর্কে এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইরানের শান্তিকামী জাতির উপর যা চাপিয়ে দেওয়া হয়েছে তা কোনো প্রচলিত যুদ্ধ নয়।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় লিখেছেন,
ধর্ম, জাতিসত্তা, জাতীয়তা, বর্ণ বা অন্য কোনো ভেদাভেদ নির্বিশেষে সকল সম্মানিত ও বিবেকবান মানুষের প্রতি এবং মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, হিন্দু, বৌদ্ধ এবং অন্য যেকোনো ধর্ম বা বিশ্বাসের অনুসারীদের প্রতি বলতে চাই দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র আমেরিকা ও ইসরায়েল আলোচনা প্রক্রিয়ার মাঝেই, এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একটি আগ্রাসী ও অবৈধ যুদ্ধ চাপিয়ে দিয়েছে।
বাকায়ি জোর দিয়ে বলেন, আসুন আমরা ভুলে না যাই, ২০২৫ সালের জুনে আমেরিকা একই অজুহাতে ইরানের ওপর হামলা চালিয়েছিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করার দাবি করেছিল। আমাদের সতর্ক থাকতে হবে, এটি ভূখণ্ড, সম্পদ বা ভূ-রাজনৈতিক কোনো যুদ্ধ নয়। এটি এমন একটি যুদ্ধ যা আমাদের সময়ে এবং আগামী প্রজন্মের জন্য ‘ভালো’ কিংবা ‘মন্দ’ অবস্থান নির্ধারণ করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিখেছেন, “শান্তিপ্রিয় ইরান জাতির ওপর যা চাপিয়ে দেওয়া হয়েছে, তা কোনো প্রচলিত যুদ্ধ নয়। একদিকে রয়েছে তারা, যারা যুদ্ধ আইনের নিয়ম লঙ্ঘন করতে এবং মানবিক নীতি পদদলিত করতে আনন্দ পায়; যারা বিনোদিনের জন্য হত্যাকাণ্ড চালায়, তাদের পরিবারকে নির্যাতন করার জন্য শিশুদের জবাই করে এবং শুধুমাত্র তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক শক্তি পরীক্ষা করার জন্য নারীদের জিমে হামলা চালায়।”
বাকায়ি স্পষ্ট করে বলেন, “এটা তাদের যুদ্ধ, যারা গর্বের সাথে ‘আরও মজা করার জন্য’ নিরস্ত্র জাহাজ ডোবানোর কথা বলে।” ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন: “মানুষের বিবেক এখনও মরে যায়নি। কিন্তু এমন পরিস্থিতিতে নীরবতা মানে শয়তানের সাথে সহযোগিতা।”#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।