বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় ব্রিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: ইরানের রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i160108-বৈশ্বিক_জ্বালানি_নিরাপত্তায়_ব্রিকস_অত্যন্ত_গুরুত্বপূর্ণ_ভূমিকা_পালন_করছে_ইরানের_রাষ্ট্রদূত
পার্সটুডে: রাশিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, বিশ্বের জ্বালানি নিরাপত্তা ক্রমশ গ্লোবাল সাউথের দেশগুলোর হাতে নির্ধারিত হচ্ছে এবং এ ক্ষেত্রে ব্রিকসভুক্ত দেশগুলো গুরুত্বপূর্ণ ও নির্ধারক ভূমিকা পালন করছে।
(last modified 2026-06-07T14:23:01+00:00 )
জুন ০৭, ২০২৬ ২০:১২ Asia/Dhaka
  • বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় ব্রিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: ইরানের রাষ্ট্রদূত

পার্সটুডে: রাশিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, বিশ্বের জ্বালানি নিরাপত্তা ক্রমশ গ্লোবাল সাউথের দেশগুলোর হাতে নির্ধারিত হচ্ছে এবং এ ক্ষেত্রে ব্রিকসভুক্ত দেশগুলো গুরুত্বপূর্ণ ও নির্ধারক ভূমিকা পালন করছে।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ২৯তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে আয়োজিত “ব্রিকস উন্নয়নের দিগন্ত: পরিবর্তন ও নতুন সম্ভাবনা” শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় ব্রিকসের অবস্থান ও সম্ভাবনা নিয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জালালি।

তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন, বৈশ্বিক বাজারের অস্থিরতা এবং উদীয়মান অর্থনীতিগুলোর ক্রমবর্ধমান চাহিদা জ্বালানি নিরাপত্তাকে বিশ্ব স্থিতিশীলতা ও উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত করেছে।

জালালির মতে, "জ্বালানি নিরাপত্তা মানে কেবল জ্বালানি উৎসের সহজলভ্যতা নয়; এটি একটি ব্যাপক ধারণা, যার মধ্যে সরবরাহের নিরাপত্তা, চাহিদার নিরাপত্তা, বিনিয়োগের নিরাপত্তা, প্রযুক্তির নিরাপত্তা, অবকাঠামোগত নিরাপত্তা এবং আর্থিক নিরাপত্তাও অন্তর্ভুক্ত।"

তিনি বলেন, ব্রিকসভুক্ত দেশগুলোর বিপুল সক্ষমতা তাদের ওপর একটি যৌথ দায়িত্বও আরোপ করে। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য আরও ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে এসব দেশের সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।

ইরানি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, জ্বালানি যেন উন্নয়ন, উৎপাদন ও জনকল্যাণের মাধ্যম হয়, রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার না হয়। এ লক্ষ্যে তিনি আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর (INSTC) সম্প্রসারণ, পরিবহন ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন, বন্দর সহযোগিতা বৃদ্ধি এবং ব্রিকস সদস্যদের মধ্যে জ্বালানি নেটওয়ার্কের সংযোগ জোরদারের আহ্বান জানান।

তার মতে, এসব পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জ্বালানি বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।#

পার্সটুডে/এমএআর/৭