জাতিসংঘ ইয়েমেনি শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: ইরান
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খসরু
ইয়েমেনের শিশু হত্যাকারীদের কালো তালিকা থেকে সৌদি সরকারের নাম সাময়িকভাবে বাদ দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, জাতিসংঘ এ সিদ্ধান্ত নিয়ে ইয়েমেনের অরক্ষিত শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খসরু গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শিশু অধিকার এবং সশস্ত্র সংঘর্ষ বিষয়ক বৈঠকে এ মন্তব্য করেন।
২০১৫ সালে ইয়েমেনে নিহত ৭৮৫ শিশুর শতকরা ৬০ ভাগ নিহত হয় সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বর্বরোচিত বিমান হামলায়। এ কারণে জাতিসংঘ সৌদি আরবের নাম শিশু হত্যাকারীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করে। এর কিছু দিন পর সৌদি আরবের সঙ্গে যৌথ সমন্বয়ের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন তৈরি করার শর্তে কালো তালিকা থেকে রিয়াদের নাম বাদ দেয়ার ঘোষণা দেয় জাতিসংঘ।
অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপের মুখে জাতিসংঘ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে নিরাপত্তা পরিষদের বৈঠকে উল্লেখ করেন খসরু। তিনি আরো বলেন, কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেয়ার বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তটি ইয়েমেনের বেসামরিক জনগণ বিশেষ করে দেশটির শিশুদের অধিকারের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। অথচ বেসমারিক ব্যক্তি এবং শিশুদের সুরক্ষা দিতেই জাতিসংঘ গঠন করা হয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদুত গোলাম আলী খসরু ওই বৈঠকে প্রশ্ন করেন, বিমান হামলা চালিয়ে শত শত ইয়েমেনি শিশুকে হত্যা করা আর আল-কায়েদা এবং তাকফিরি দায়েশের ক্রমবর্ধমান নৃশংসতা কি একই সূত্রে গাঁথা নয়?#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৩