অলিম্পিকে প্রথম ইরানি নারী হিসেবে ব্রোঞ্জ জিতলেন কিমিয়া আলীজাদেহ
রিও অলিম্পিকে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানের কিমিয়া আলীজাদেহ জিনোরিয়ান। এর মাধ্যমে তিনি অলিম্পিকে প্রথম কোনো ইরানি নারী হিসেবে পদক জেতার গৌরব অর্জন করলেন।
১৮ বছর বয়সী ইরানি তরুণী কিমিয়া আলীজাদেহ বৃহস্পতিবার রাতে তার সুইডিশ প্রতিদ্বন্দ্বি নিকিতা গ্লাসনোভিককে ৫-১ পয়েন্টে হারিয়ে পদক নিশ্চিত করেন।
এই ইভেন্টে স্পেনের ইভা কালভো গোমেজকে ১৬-৭ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন ব্রিটেনের ফেড জোন্স। ইভা গোমেজ কোয়ার্টার ফাইনালে ইরানি ক্রীড়াবিদ কিমিয়া আলীজাদেহকে ৮-৭ পয়েন্টে হারিয়েছিলেন।
ব্রোঞ্জ জয়ের পর কিমিয়া আলীজাদেহ তার প্রতিক্রিয়ায় বলেন, “ইরানি তরুণীদের পক্ষ থেকে অলিম্পিকে প্রথম পদক জেতায় আমি ভীষণ খুশি। আমি আশা করছি পরবর্তী অলিম্পিকে আমরা সোনা জিতব।”
তিনি আরও বলেন, “অলিম্পিকে সোনা জয়ের মাধ্যমে আমি ইতিহাস সৃষ্টির আশা করেছিলাম। আল্লাহকে এজন্য ধন্যবাদ যে, আমি ব্রোঞ্জ পদক জেতার মাধ্যমে ইরানি নারীদের জন্য সেই পথ খুলে দিতে পেরেছি।”
অলিম্পিকে প্রথম পদক জেতার পেছনে মা-বাবা ও কোচের অবদানের কথা স্মরণ করেন কিমিয়া আলীজাদেহ।
এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত যুব অলিম্পিকে এবং গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন আলীজাদেহ।
তায়েকোয়ান্দোতে মাঝে এক পয়েন্টের বিরতি দিয়ে দুই মিনিটের তিনটি রাউন্ড হয়। প্রতিপক্ষের শরীরের সামনের অংশে কিক মারতে পারলে পাওয়া যায় ১ পয়েন্ট, ঘুরিয়ে মারা কিকের জন্য মেলে ২ পয়েন্ট। আর মাথায় সাধারণ কিকের জন্য ৩ পয়েন্ট আর স্পিনিং কিকের জন্য ৪ পয়েন্ট পাওয়া যায়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯