‘তেলের বাজার স্থিতিশীল করার উদ্যোগ সমর্থন করে ইরান’
-
ইরানের তেলমন্ত্রীর সঙ্গে ওপেক মহাসচিবের (ডানে) বৈঠক
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, তেলের বাজার স্থিতিশীল করার জন্য নেয়া সম্ভাব্য যেকোনো পদক্ষেপকে সমর্থন করে তা দেশ। তবে, তেলের দাম একটি যৌক্তিক পর্যায়ে ঠিক করা উচিত বলে তিনি মনে করেন।
ইরান সফররত ওপেকের মহাসচিব মোহাম্মাদ বারকিন্দোর সঙ্গে আজ (মঙ্গলবার) গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন বিজান জাঙ্গানেহ। তিনি জানান, ওপেকের বেশিরভাগ সদস্য দেশ তেলের দাম ব্যারেল প্রতি ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে দেখতে চায়। ইরানের এ মন্ত্রী বলেন, “আমরা মনে করি তেলের দাম ৫৫ ডলার হলে তা হবে যৌক্তিক। এ দাম তেলের উৎপাদন খরচের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। এতে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উৎপাদন স্তর ঠিক রাখবে।”
তেল রপ্তানিকারক দেশগুলো আন্তর্জাতিক বাজার ঠিক রাখতে এবং তেলের দাম যাতে আর না কমে সেজন্য তেল উৎপাদনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে। তবে সৌদি আরব এ ধরনের চুক্তি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশটি বলছে, অন্য দেশগুলোর জন্য যেমন তেল উৎপাদনের সীমা বেধে দেয়া হবে ইরানের জন্যও তাই হবে। কিন্তু ইরান বলছে, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকা উচিত কারণ তেহরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কবলে ছিল। ফলে ইরান তার জন্য নির্ধারিত কোটায় তেল বিক্রি করতে পারে নি। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরানের জন্য তেল উৎপাদনের কিছু বাড়তি সুযোগ থাকা উচিত।
সাম্প্রতিক বছরগুলোতে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলারে উঠে তা আবার ২৫ ডলারে নেমে গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬