মধ্যপ্রাচ্য ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না: আলী শামখানি
-
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে আমেরিকার সঙ্গে তার দেশ কোনো আলোচনা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি জোর দিয়ে বলেন, গোলযোগপূর্ণ এ অঞ্চলে আমেরিকা একই সঙ্গে বিচারক এবং তা বাস্তবায়নের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে আলী শামখানি এ মন্তব্য করেন।
গতকাল শুক্রবার প্রকাশিত এ সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা আমাদের নেই কিংবা এ ধরনের কোনো কিছু করার প্রয়োজনীয়তা আছে বলেও আমরা মনে করি না।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার কথা ও কাজের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন, ট্রাম্প অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সব কিছু বোঝার চেষ্টা করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তার সুনির্দিষ্ট কোনো বোঝাপড়া নেই।
আলী শামখানি আরো বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকুক ইরান তা মোটেও প্রত্যাশা করে না। এছাড়া,এধরনের উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রাসায়নিক হামলার অভিযোগ তুলে সিরিয়ার আশ- শাইরাত বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন শামখানি।#
পার্সটুডে/বাবুল আখতার/২