মার্কিন রাজনীতিবিদদের অতীত থেকে শিক্ষা নেয়া উচিত: কাসেমি
মার্কিন রাজনীতিবিদদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে ইরান সম্পর্কে কথা বলতে শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছে তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জবাব দিতে গিয়ে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
ট্রাম্প সম্প্রতি প্যারিস সফরে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনেন। তিনি পাশ্চাত্যের জন্য ইরানকে প্রধান হুমকি হিসেবে তুলে ধরে দাবি করেন, ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার মতো ‘দুর্বৃত্ত’ দেশগুলোর ‘হুমকির’ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি বলেন, মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টারা এখনো অতীতের নোংরা যুগে বসবাস করছেন এবং তারা ইরান, মধ্যপ্রাচ্য ও বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গঠনমূলক কাজ করে যাচ্ছে। তিনি ইরানকে অভিযুক্ত না করে আমেরিকা ও তার কিছু আগ্রাসী মিত্র দেশের স্বেচ্ছাচারী ও সহিংস আচরণের মধ্যে দুর্বৃত্ত খুঁজে বেড়ানোর আহ্বান জানান। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬