ফুটবল বিশ্বকাপ: প্রথম দেশ হিসেবে রাশিয়ায় পৌঁছল ইরান (ভিডিও)
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর ৯ দিন আগে ৩২টি দেশের মধ্যে প্রথম দল হিসেবে রাশিয়ায় পৌঁছেছে ইরান।
গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ৯টায় ইরানি কর্মকর্তা ও খেলোয়াড়দের বহনকারী বিমানটি মস্কোর ভেনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। এসময় তাদেরকে স্বাগত জানান মস্কোর আঞ্চলিক ক্রীড়ামন্ত্রী রোমান ও ফিফার কর্মকর্তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রধান কোচ কালোর্স কুইরোজ বলেন, "রাশিয়ায় এসে ইরানিয়ান ফুটবলের স্বপ্ন সত্যি হলো। আমরা কঠোর শ্রম ও ত্যাগের বিনিময়ে বিশ্বকাপের খেলার টিকেট অর্জন করেছি। এ জন্য ইরানিরা ও আমরা সম্মানিত বোধ করছি। এবারের আসরে আমরা নিজেদের সেরাটাই দিতে চাই। প্রথম রাউন্ডের বাধা টপকে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। তবে কাজটি অনেক কঠিন হবে। কারণ আমাদের গ্রুপে পর্তুগাল-স্পেনের মতো বড় দল আছে। তারপরও আমাদের চেষ্টার কমতি থাকবে না। আশা করছি, দারুণ একটি বিশ্বকাপ হবে। এ জন্য সবাইকে শুভ কামনা জানাই।"
রাশিয়ার মস্কোর লোকোমোতিভ বাকোভকা অনুশীলন সেন্টারে বিশ্বকাপের বেজ ক্যাম্প করবে ইরান। ১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় ইরানের জাতীয় দল ‘বি’ গ্রুপে খেলবে। এই গ্রুপে ইরানকে খেলতে হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোর সঙ্গে। মরক্কোর মুখোমুখি হওয়ার মাধ্যমে আগামী ১৫ জুন নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে দলটি। ২০ জুন স্পেনেই বিপক্ষে এবং ২৫ জুন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে খেলবে ইরান।
তবে বিশ্বকাপ শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দেশটি। ৮ জুন রাশিয়ার রাজধানী মস্কোয় লিথুয়ানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান।
বিশ্বকাপে এই নিয়ে পঞ্চমবারের মতো অংশ নিতে যাচ্ছে ইরান। ১৯৭৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় দেশটি। এরপর ১৯৯৮, ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ খেলে তারা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে টিকেট পেতে এশিয়া অঞ্চল থেকে প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছিল ইরান। বাছাইপর্বে ১০ খেলায় ৬ জয়, ৪ ড্রতে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইরান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৬