‘সামরিক সহযোগিতা জোরদারে সুনির্দিষ্ট পরিকল্পনায় ইরান-রাশিয়া’
ইরান এবং রাশিয়া দু’দেশের সামরিক ও প্রযুক্তি সহযোগিতা জোরদারের লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে। রাশিয়া সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসনেই দেহ্কান এ ঘোষণা দেন । আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত ৫ম মস্কো সম্মেলনের অবকাশে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’র সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
জেনারেল দেহ্কান বলেন, ইরান ও রাশিয়া সামরিক এবং প্রযুক্তি সহযোগিতা জোরদারের লক্ষ্যে কয়েকটি চুক্তি এবং সুর্নিদিষ্ট পরিকল্পনা করেছে। ইরানের ঐতিহাসিক পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে নানা ক্ষেত্রে দু’দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার উজ্জ্বল দিগন্তরেখা সৃষ্টি হবে।
তেহরান-মস্কো ঘনিষ্ঠ সহযোগিতার মধ্য দিয়ে বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরে আসবে বলে জানান তিনি। এ ছাড়া, এর মাধ্যমে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদ থেকে সৃষ্ট সংকটগুলো বিশ্ব থেকে নির্মূল করা যাবে বলেও জানান তিনি।
শোইগু বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ইরানের সঙ্গে দীর্ঘ মেয়াদি সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া।
এ সফরকালে আর্মেনিয়া, বেলারাশিয়া এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা করেছেন দেহ্কান।
এরই মধ্যে সিরিয়া সরকারকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহায়তার জন্য প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত ক্ষেত্রে একযোগে কাজ করছে ইরান ও রাশিয়া।#
মূসা রেজা/২৮