অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তুতি আমেরিকার; ট্রাম্পের নীতি বদলাতেই হবে-ইরান
-
মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার একতরফা ও একপেশে নীতি থেকে পুরোপু্রি সরে আসতে হবে।
তিনি আজ (শুক্রবার) এক টুইটার বার্তায় আরো বলেছেন, আমেরিকা আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে একের পর এক বেরিয়ে যাচ্ছে। তারা শুধু ইরানের পরমাণু সমঝোতা থেকেই একতরফাভাবে বেরিয়ে যায়নি, অন্য আরও আন্তর্জাতিক চুক্তি থেকেও সরে গেছে।
তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা একটি বহুপক্ষীয় চুক্তি। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়াই যে ট্রাম্পের এ ধরণের প্রথম ও শেষ সিদ্ধান্ত তা কিন্তু নয়। তিনি আরো বলেন, মার্কিন প্রশাসন নিজের স্বল্পমেয়াদী স্বার্থের জন্য অন্য দেশগুলোর দীর্ঘমেয়াদী স্বার্থ ধ্বংস করছে।
মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এসব মন্তব্য করলেন।
পরমাণু সমঝোতা অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রতিবেদনের ভিত্তিতে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা রয়েছে। কিন্তু আমেরিকা এই অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্য ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এরইমধ্যে বলেছেন, অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে খারাপ পরিণতি হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।