ভূপাতিত যাত্রীবাহী বিমান নিয়ে ইউক্রেনের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i90222-ভূপাতিত_যাত্রীবাহী_বিমান_নিয়ে_ইউক্রেনের_বক্তব্য_প্রত্যাখ্যান_করল_ইরান
ইরান ২০২০ সালের জানুয়ারি মাসে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইচ্ছা করে গুলি করে ভূপাতিত করেছে বলে কিয়েভ যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ১৭, ২০২১ ০৫:১০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরান ২০২০ সালের জানুয়ারি মাসে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইচ্ছা করে গুলি করে ভূপাতিত করেছে বলে কিয়েভ যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সব ধরনের কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিবেদন এবং ব্যাখ্যা সত্ত্বেও ইউক্রেনের কোনো কোনো কর্মকর্তা এখনো যেসব রাজনৈতিক ও অস্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছেন তা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, দেখেশুনে মনে হয় ইউক্রেনের কর্মকর্তারা এই দুঃখজনক ঘটনার গ্রহণযোগ্য সমাধান এবং নিহত যাত্রীদের পরিবারবর্গকে সান্ত্বনা দেয়ার পরিবর্তে শুকিয়ে যাওয়া ক্ষতকে আবার চাঙ্গা করে তুলতে চান। অথবা তারা দেশের অভ্যন্তরীণ কোনো সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

ইরানের রাজধানী তেহরানের অদূরে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে (ফাইল ছবি)

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উলুক্সি দানিলোভ গতকাল (শুক্রবার) এক বক্তব্যে দাবি করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ইরানের রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের যে যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়েছিল সেটি কোনো ভুল বা দুর্ঘটনা ছিল না বরং ইরান ইচ্ছা করেই বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে।

বাস্তবতা হচ্ছে, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ভয়াবহ প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন সেনারা পাল্টা হামলা চালাতে পারে- এই আশঙ্কা মাথায় রেখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। এরকম পরিস্থিতিতে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান লক্ষ্য করে ভুল করে গুলি চালালৈ দুঃখজনকভাবে বিমানটি ভূপাতিত হয় এবং এর ১৭৬ আরোহীর সবাই নিহত হন।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।