রংধনু আসর: ছোট-বড় সবার মনোরঞ্জনের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান
https://parstoday.ir/bn/news/iran-i99936-রংধনু_আসর_ছোট_বড়_সবার_মনোরঞ্জনের_এক_ব্যতিক্রমধর্মী_অনুষ্ঠান
মহাশয়, আসসালামু আলাইকুম। এক সপ্তাহ ধরে অধীর আগ্রহে অপেক্ষারত শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনুর সাত রঙের আভায় আলোকিত ও সৌন্দর্যমণ্ডিত হোক সবার জীবন- এই কামনা করে আজকের লেখার শুভ সূচনা করছি। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই ভালো ও সুস্থ আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৩, ২০২১ ০৯:৩১ Asia/Dhaka
  • রংধনু আসর: ছোট-বড় সবার মনোরঞ্জনের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান

মহাশয়, আসসালামু আলাইকুম। এক সপ্তাহ ধরে অধীর আগ্রহে অপেক্ষারত শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনুর সাত রঙের আভায় আলোকিত ও সৌন্দর্যমণ্ডিত হোক সবার জীবন- এই কামনা করে আজকের লেখার শুভ সূচনা করছি। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই ভালো ও সুস্থ আছেন।

গত ১১ নভেম্বর সম্মানীয় আশরাফুর রহমান ভাই-এর গ্রন্থনায় ও প্রযোজনায় এবং গাজী আব্দুর রশিদ ভাই ও বোন আকতার জাহান-এর উপস্থাপনায় রেডিও তেহরান থেকে শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু আসর-এর আরো একটি সুন্দর ও চমৎকার পরিবেশনা শুনলাম। এতো সুন্দর, মনোমুগ্ধকর, সাবলীল, শ্রোতানন্দিত ও মনোজ্ঞ অনুষ্ঠান শুনে আমি আনন্দ সাগরে ভাসমান ছিলাম। অনুষ্ঠানটির বিষয়বস্তু ছিল যেমন চমৎকার তেমনি নানা তথ্য, উপদেশ, বিভিন্ন মনীষীদের মন্তব্য, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী গানও ছিল তেমন হৃদয়গ্রাহী।

হ্যাঁ, আমি রংধনু অনুষ্ঠানের কথাই বলছি।

অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট বন্ধুদের পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্যান্য গ্রন্থ পড়ার যেমন ছিল উপদেশ তেমনি ইসলাম ধর্মের একমাত্র ধর্মীয় ও ঐশী গ্রন্থ আল কুরআন পড়ারও ছিল অনুরোধ ও উপদেশ। সাথে কেন পবিত্র কুরআন পড়তে হবে তারও ছিল সুন্দর ও যুক্তিনির্ভর ব্যাখ্যা।

পার্থিব জীবনের কল্যাণ লাভের ও মুক্তির একমাত্র উপায় হলো পবিত্র কুরআন পড়া ও বুঝে তা মেনে চলা। কেননা এতে রয়েছে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায়িক, ধর্মীয়, শিক্ষা ও অধিকারের বিধান। পবিত্র কুরআন ওই হলো একমাত্র গ্রন্থ যা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয়। ইহা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং ইহার সংরক্ষণের দায়িত্ব ও আল্লাহ নিজেই নিয়েছেন। তাই এই মহাগ্রন্থ আজ চৌদ্দশত বছরের পরেও অবিকল ও অক্ষত অবস্থায় রয়েছে ‌এবং থাকবে। 

অনুষ্ঠানে পবিত্র কুরআন যে মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও কল্যাণ মূলক কাজের উৎস এবং সত্য ও ন্যায়ের বাহক সে সম্পর্কে বিশ্বের বড় বড় মনীষী যেমন- মারকিন যুক্তরাষ্ট্রের ইরবিন, ইরানের আল্লামা তাবাতাবায়ী ও বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন-এর বক্তব্য এ ক্ষেত্রে প্রণিধান যোগ্য।

পবিত্র কুরআন-এর মাধুর্য ও সুর লহরী শুনে ইসলামের প্রাথমিক যুগে মুশরিক ইসলাম বিদ্বেষী নেতা যেমন- আবু জেহেল, আবু সুফিয়ানও মুগিরাসহ অনেকেই কুরআনের মধুর সুর ও ঝঙ্কারে আকর্ষিত হয়ে একে অন্যের অলক্ষে কুরআনের অমৃত সুধা পানে নিজেকে ধন্য মনে করতো। যদিও ইসলামের প্রতি ঈর্ষা ও গোড়ামীর কারণে তারা মহানবী ও ইসলামের বিরোধিতা করতো।
অনুষ্ঠানে আরো জানতে পারলাম যে, পবিত্র কুরআন-এর তেলাওয়াত, সুর ও ভাব গাম্ভীর্যতায় মুগ্ধ হয়ে অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন এবং মুসলমান হয়েছেন। যেমন- আখনাছ, ওয়ালিদ ইবনে মুনিরা, তোফায়েল ইবনে আমর।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিশ্ব বিখ্যাত ক্বারি আব্দুল বাসিতের অনুকরণে ইরানের শিশু ক্বারী মাহমুদ রেজা হাতামির কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত অসাধারণ ও হৃদয়স্পর্শী ছিল। তাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না।    

অনুষ্ঠানে কুরআন শেখার গুরুত্ব সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কয়েকটি হাদিস ও তাঁর বাণী সত্যি আমাকে কুরআন শেখা ও ভালোবাসার জন্য অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানের সর্বশেষে কাজী নজরুল ইসলাম-এর অসাধারণ অনুভবের একটি ইসলামী গজল- ‘জরিন হরফে লেখা রূপালী হরফে লেখা’- সংগীতটি অনুষ্ঠানে এক নতুন মাত্রা প্রদান করেছে। 
সুন্দর সাবলীল, মনোমুগ্ধকর, শ্রোতাগ্রাহী, নান্দনিক অনুভবের অনুষ্ঠানটি উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষে সবার মঙ্গল কামনা করে শেষ করছি।

 

ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক
সভাপতি,
সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।