ঢাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের বার্ষিক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/letter-i102100-ঢাকায়_সাউথ_এশিয়া_রেডিও_ক্লাবের_বার্ষিক_শ্রোতা_সম্মেলন_অনুষ্ঠিত
একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর বার্ষিক শ্রোতা সম্মেলন-২০২১ এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম-এর ৬০তম জন্মবর্ষ উদযাপন করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৪, ২০২২ ১৪:৪৪ Asia/Dhaka
  • ঢাকায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের বার্ষিক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত

একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর বার্ষিক শ্রোতা সম্মেলন-২০২১ এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম-এর ৬০তম জন্মবর্ষ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২১) ঢাকার উত্তরায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক সালাহউদ্দিন আহমেদ, সহকারী পরিচালক তনুজা মন্ডল, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাফর সিদ্দিকী ও যুগ্ম সচিব মো. ওসমান গণি, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুস সাত্তার, ঢাকা নৌ অধিদপ্তরের কমান্ডার কামরুল হোসেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই), হোমনা, কুমিল্লার অধ্যক্ষ ড. মো. আব্দুল মান্নান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী, রেডিও এ্যানাউন্সার্স ক্লাব (র‌্যাংক) এর সভাপতি ও বাংলাদেশ বেতারের মূখ্য উপস্থাপক মাহবুব সোবহান।   

শ্রোতা সম্মেলনে বাংলাদেশ বেতার, রেডিও তেহরান, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বিবিসি, ভয়েস অব আমেরিকা (ভিওএ), ডয়চে ভেলে (ডিডব্লিউ), ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর), ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি), রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল (আরআরআই), রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই), রেডিও কানাডা ইন্টারন্যাশনাল (আরসিআই), রেডিও স্লোভাকিয়া ইন্টারন্যাশনাল (আরএসআই), রেডিও থাইল্যান্ড ইন্টারন্যাশনাল সহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক রেডিও সম্প্রচার নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এক একটি বেতারকে বিশ্ববিদ্যালয় হিসেবে তুলনা করেন। তারা বলেন, মানব জীবনের ইতিহাসে এমন কোন বিষয় নেই যা বেতারে আলোচনা করা হয় না। বেতার অনুষ্ঠান শুনে একজন শ্রোতা তার ব্যক্তি, পরিবার এবং সমাজকে বদলে দিতে পারে।

ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম রেডিও তেহরানকে নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। তিনি ২০২১ সালে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ ও এর বিভিন্ন শাখা থেকে যেসব সাংগঠসিক কর্মসূচি পালন বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এর সংবাদ দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে এমনকি ইরানের ফার্সি ভাষার পত্রিকায়ও যে স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরেন।         

২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সংবাদ জাতীয় পর্যায়ে মিডিয়া কাভারেজের ক্ষেত্রে অসাধারণ পদক্ষেপ গ্রহণ করায় দৈনিক বাংলাদেশের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পীকে “ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১” প্রদান করা হয়। এছাড়া বছর জুড়ে বেতারের প্রচার-প্রসারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সিলেট জেলা শাখা, শাহপরান শাখা, লাক্কাতুরা চা বাগান শাখা, চট্টগ্রাম জেলা শাখা, রাউজান উপজেলা শাখা এবং টাঙ্গাইল জেলা শাখাকে “বাৎসরিক সফল কর্মমুখর শাখা” হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রোতা সম্মেলনে সকল অংশগ্রহণকারীকেও ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এরপূর্বে ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলমকে তার ৬০তম জন্মবর্ষ উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর পক্ষ থেকে পিতল দিয়ে তৈরি বিশেষ ডিজাইনের ক্রেস্টের উপর খচিত “পাঁচ ভরি ওজনের রৌপ্য মেডেল” স্মারক উপহার হিসেবে প্রদান করা হয়।#       

 

বার্তা প্রেরক,

তাছলিমা আক্তার লিমা

ভাইস চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।