ইরান সাময়িকভাবে সৌদি আরবের সঙ্গে আলোচনা স্থগিত করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i105162-ইরান_সাময়িকভাবে_সৌদি_আরবের_সঙ্গে_আলোচনা_স্থগিত_করেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী সপ্তাহে এ আলোচনা অনুষ্ঠানের কথা ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২২ ১৫:৩৭ Asia/Dhaka
  • ইরান সাময়িকভাবে সৌদি আরবের সঙ্গে আলোচনা স্থগিত করেছে

ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী সপ্তাহে এ আলোচনা অনুষ্ঠানের কথা ছিল।

পারস্য উপসাগরীয় দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংকটাপন্ন সম্পর্ককে উন্নত করার লক্ষ্য নিয়ে বেশ কিছুদিন থেকে দুই দেশ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আলোচনা চালিয়ে আসছে। ইরানের নূর নিউজ আজ (রোববার) জানিয়েছে, তেহরান একতরফা ও সাময়িকভাবে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। 
এর আগে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হাসান বৃহস্পতিবার তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে জানিয়েছিলেন যে, আগামী বুধবার সৌদি আরব এবং ইরান আরেক দফা বৈঠকে বসতে যাচ্ছে।
নুর নিউজ এই আলোচনা স্থগিত হওয়ার খবর দিলেও কেন তা স্থগিত হলো সে সম্পর্কে কিছু জানায়নি কিংবা পরবর্তী দফা আলোচনা কবে অনুষ্ঠিত হবে তাও বলে নি। 
মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ ইরান ও সৌদি আরব গত বছরের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত ইরাকে চার দফা বৈঠকে বসেছে। ২০১৬ সালে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর বাকের আল-নিমরকে মৃত্যুদণ্ড দেয়ার পর তেহরানে সৌদি দূতাবাসে একদল বিক্ষোভকারী হামলা চালায়। ওই ঘটনার জের ধরে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে রাজতান্ত্রিক দেশটি ইরানের বিষয়ে অত্যন্ত শত্রুতাভাবাপন্ন নীতি অনুসরণ করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।