শত্রুর হামলা চলা অবস্থায় নিরস্ত্রীকরণ দখলদারদের স্বার্থ রক্ষা করবে: হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i155582-শত্রুর_হামলা_চলা_অবস্থায়_নিরস্ত্রীকরণ_দখলদারদের_স্বার্থ_রক্ষা_করবে_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নায়িম কাসেম প্রতিরোধ বাহিনীর নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে একটি ইসরায়লি-মার্কিন প্রকল্প বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন চলমান থাকা অবস্থায় অস্ত্র একচেটিয়াভাবে রাষ্ট্রের হাতে নেওয়ার যেকোনো প্রচেষ্টা দক্ষিণ লেবাননের কিছু অংশ অন্যদের দখলে থেকে যাওয়ার ক্ষেত্র তৈরি করবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:২৭ Asia/Dhaka
  • শেখ নায়িম কাসেম
    শেখ নায়িম কাসেম

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নায়িম কাসেম প্রতিরোধ বাহিনীর নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে একটি ইসরায়লি-মার্কিন প্রকল্প বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, জায়নবাদী ইসরায়েলের আগ্রাসন চলমান থাকা অবস্থায় অস্ত্র একচেটিয়াভাবে রাষ্ট্রের হাতে নেওয়ার যেকোনো প্রচেষ্টা দক্ষিণ লেবাননের কিছু অংশ অন্যদের দখলে থেকে যাওয়ার ক্ষেত্র তৈরি করবে।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব রোববার শহীদ হাজ মোহাম্মদ হাসান ইয়াগি (আবু সালিম)-এর স্মরণসভায় লেবাননের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ২০১৯ সাল থেকে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি এবং অর্থনীতি ধ্বংসের পেছনের মূল হোতা যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধ হয়নি এবং তারা এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, শেখ নায়িম কাসেম জোর দিয়ে বলেন— যতদিন ইসরায়েলি হামলা চলবে, ততদিন প্রতিরোধ বাহিনীর নিরস্ত্রীকরণ লেবাননের স্বার্থ রক্ষা করবে না; বরং দখলদারদের স্বার্থ নিশ্চিত করবে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি স্থানে দখল বজায় রাখার পক্ষে কাজ করবে।

হিজবুল্লাহর মহাসচিব প্রতিরোধের ৪২ বছরের অভিজ্ঞতা এবং ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পনাগুলো ব্যর্থ করার কথা উল্লেখ করে বলেন, লেবানন সরকার সফল হয়েছে কারণ তাদের পাশে প্রতিরোধ সংগ্রামীরা ছিল।

শেখ নায়িম কাসেম বলেন, প্রতিরোধ বাহিনী ও লেবানন যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল, কিন্তু এখন থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যতক্ষণ না ইসরায়েল তাদের প্রতিশ্রুতি পালন করে, ততক্ষণ লেবানন কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য নয়।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন- আকাশ, স্থল ও নৌপথে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, দখলদারদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে, বন্দিদের মুক্তি দিতে হবে এবং দক্ষিণ লেবাননের পুনর্গঠন শুরু করতে হবে। তিনি বলেন, দখলদার ইসরায়েল তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আগে লেবানন সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন