ইসরায়েলের লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই: নাবিহ বেরি
-
• লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি
পার্সটুডে- লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর লেবাননের ভূখণ্ড থেকে বাস্তবে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই।
পার্সটুডে আল-আখবারের বরাতে জানিয়েছে, নাবিহ বেরি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে বলেন, "প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য ছিল এ বিষয়টি স্পষ্ট করা, সব ধরনের প্রমাণই ইঙ্গিত দিচ্ছে যে, নির্বাচনের আগে ইসরায়েল লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেবে না।"
তিনি আরও বলেন, "লেবানন সরকার ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর মধ্যে যে চুক্তি হয়েছিল, তা শুরু থেকেই কার্যত মৃত ছিল। এখন আর কেউ এ চুক্তির কথা বলে না। ইসরায়েল চুক্তির শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে সেটিকে কার্যত কবর দিয়েছে।"
নাবিহ বেরি আরও বলেন, "বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হওয়ার গুরুতর ঝুঁকির মুখে রয়েছেন।"
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলি শাসকগোষ্ঠী একটি ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ স্বাক্ষর করেছিল। চুক্তিটির ঘোষিত উদ্দেশ্য ছিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের অবসান ঘটানো। ওয়াশিংটনে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা প্রত্যক্ষ আলোচনার পর এ চুক্তি সম্পন্ন হয়।
তবে চুক্তিটি সমালোচনারও মুখে পড়েছে। সমালোচকদের মতে, চুক্তিটির আইনগত অবস্থান স্পষ্ট নয় এবং লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য কোনো নির্দিষ্ট সময়সূচিও এতে উল্লেখ করা হয়নি।#
পার্সটুডে/এমআরএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।