চরমপন্থি চিন্তাধারাই প্রধান হুমকি: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i19210-চরমপন্থি_চিন্তাধারাই_প্রধান_হুমকি_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিশ্ব বর্তমানে সবচেয়ে মারাত্মক যে হুমকির মুখোমুখি তা হচ্ছে চরমপন্থি চিন্তাধারা। এই মতবাদ মধ্যপ্রাচ্য ও এর বাইরে ছড়িয়ে পড়েছে যা সন্ত্রাসবাদ সৃষ্টির মূল কারণ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০১:৩৩ Asia/Dhaka
  • রোববার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিনিধিরা
    রোববার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিনিধিরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিশ্ব বর্তমানে সবচেয়ে মারাত্মক যে হুমকির মুখোমুখি তা হচ্ছে চরমপন্থি চিন্তাধারা। এই মতবাদ মধ্যপ্রাচ্য ও এর বাইরে ছড়িয়ে পড়েছে যা সন্ত্রাসবাদ সৃষ্টির মূল কারণ।

দামেস্ক সফররত একটি ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ প্রতিনিধিদলে  হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডসের কয়েক সদস্যের পাশাপাশি কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব  ও শিক্ষাবিদ রয়েছেন।

প্রেসিডেন্ট আসাদ বলেন,  সন্ত্রাসবাদের মূল উৎস হচ্ছে উগ্র মতবাদ এবং এই মতাদর্শের অনুসারী জঙ্গিরা সাম্প্রতিক সময়ে ইউরোপসহ পশ্চিমা দেশগুলোর বহু স্থানে হামলা চালিয়েছে। কাজেই সন্ত্রাসবাদ দমনের জন্য জঙ্গিবাদীদের বিরুদ্ধে যুদ্ধই যথেষ্ট নয় সেইসঙ্গে উগ্র তাকফিরি মতবাদেরও মূলোৎপাটন জরুরি।

সিরিয়া ও ইরাকে তৎপর দায়েশ, ফাতেহ আশ-শাম ও আন-নুসরার মতো জঙ্গি গোষ্ঠীগুলোর চেতনার উৎস হচ্ছে ওয়াহাবি মতবাদ। সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় দেশটির আলেমরা বিশ্বব্যাপী মুক্তভাবে এই মতবাদ ছড়িয়ে দিচ্ছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, তার দেশের চলমান সংঘাতের ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমে যেসব খবর প্রচার করে তার অসততার বিষয়টি প্রমাণিত হবে পশ্চিমা প্রতিনিধিদলের এ ধরনের সফরের মাধ্যমে। প্রেসিডেন্ট আসাদের মতে, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পশ্চিমা গণমাধ্যম এ ধরনের ভুল চিত্র তুলে ধরছে যা ওইসব দেশের সরকারের স্বার্থ রক্ষা করে, জনগণের নয়।

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যরা বলেন, চলমান সফরে তারা সিরিয়ার অনেক কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেশটির চলমান সংঘাতের ব্যাপারে প্রকৃত সত্য উপলব্ধি করতে পেরেছেন। ব্রিটিশ সরকার ও সেদেশের জনগণের একটা বিরাট অংশ এ ব্যাপারে যে ভুল ধারণা করে বসে আছেন তারা সে ভুল ভাঙানোর চেষ্টা করবেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫