সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: বাশার আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, উগ্র সন্ত্রাসীদের কবল থেকে তার দেশের সামরিক বাহিনী প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করবে। ফ্রান্সের গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট আসাদ এ কথা বলেছেন।
তিনি বলেন, “সংবিধান ও আইন অনুসারে অবশ্যই এটা আমাদের মিশন যে, সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি আমাদের মুক্ত করতে হবে।” সিরিয়ার রাকা প্রদেশ মুক্ত করার বিষয়ে তার কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, “আলেপ্পো মুক্ত করাকে আমরা বিজয় মনে করি না। কারণ বিজয় তখনই আসবে যখন সব সন্ত্রাসীকে আমরা নির্মূল করতে পারব।”
বিরোধী গোষ্ঠীর সঙ্গে আসন্ন সংলাপ সম্পর্কে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, এ আলোচনার জন্য রাষ্ট্রীয় প্রতিনিধিদল প্রস্তুতি নিচ্ছে এবং সবকিছুই আলোচনা করা হবে। প্রেসিডেন্ট পদ নিয়েও আলোচনা হবে কিনা -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে তবে এ পদ সংবিধানের সঙ্গে সম্পর্কযুক্ত। সে কারণে সাংবিধানিক বিষয়গুলো গণভোটের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯