সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে নিজের ক্ষতি করেছে ইউরোপ: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের সমর্থন দিয়ে প্রকারান্তরে নিজেদের ক্ষতি করেছে ইউরোপীয় দেশগুলো। তিনি সোমবার রাজধানী দামেস্কে বেলজিয়াম পার্লামেন্টের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন।
আসাদ বলেন, ইউরোপীয় সরকারগুলো সিরিয়ার ব্যাপারে ভুল নীতি গ্রহণ করে সেদেশের সংকট সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টা থেকে ছিটকে পড়েছে।
প্রেসিডেন্ট আসাদ বলেন, ছয় বছর আগে তার দেশে সংকট শুরু হওয়ার সময় ইউরোপীয়রা দামেস্ক সরকারের বিরুদ্ধে যুদ্ধরত জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেয়। তাদের এই ভুল সিদ্ধান্তে ইউরোপ মহাদেশজুড়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এসব দেশ থেকে বহু যুবক সিরিয়ার জঙ্গিদের সঙ্গে যোগ দেয় যারা পরবর্তীতে নিজেদের দেশে ফিরে গিয়ে নিজ নিজ সরকারের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায়।
বাশার আল-আসাদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে মধ্যস্থতার ভূমিকা পালন করতে দেখা যায়। কিন্তু নিজেদের ভুলের কারণে সিরিয়ার ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারেনি ইইউ।
বৈঠকে বেলজিয়ামের প্রতিনিধিদলের প্রধান ফিলিপ ডেউইন্টার বলেন, সম্প্রতি আলেপ্পোয় সিরিয়ার সেনাবাহিনীর কৌশলগত বিজয় দেশটিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধের ভারসাম্য পরিবর্তন করে দিয়েছে। ইউরোপের বহু রাজনীতিবিদ এখন সিরিয়া সংকটের ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন এনেছে বলে তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭