সিরিয়ার ইদলিবে রাসায়নিক হামলায় প্রাণ গেল ৬০ নাগরিকের
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে রাসায়নিক হামলায় অন্তত ৬০ ব্যক্তি নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।
আজ (মঙ্গলবার) চালানো বর্বরোচিত এ হামলায় আরো বহু লোক আহত হয় বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। ইদলিবের স্বাস্থ্য অধিদফতরে বরাত দিয়ে সংস্থাটি আরো জানিয়েছে, মঙ্গলবার সকালে ইদলিবের কেন্দ্রে অবস্থিত খান শেখন শহরে ওই বিষাক্ত গ্যাসের হামলা চালানো হয়েছে। এছাড়া, অধিদফতরটি জানিয়েছে, গ্যাস হামলায় নিহতের সংখ্যা শতাধিক হওয়ার পাশাপাশি আরো ৪০০ মানুষ আহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে হামলার বিষয়টি স্বাধীন ও নির্ভরযোগ্য কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। এদেকে, আজ আরো পরে সিরিয় সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছেন, সিরিয়ার সেনাবাহিনী অতীতে রাসায়নিক হামলা চালায় নি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা চালাবে না।
এদিকে, সিরিয়ার সংসদের সদস্য শরিফ শাহাদা আলাদা এক বক্তব্যে বলেন, ওই এলাকায় তৎপর সন্ত্রাসীদের মাধ্যমে গড়ে তোলা একটি রাসায়নিক অস্ত্রাগার সেখানে বিস্ফোরিত হওয়ার ফলে হতাহতের এসব ঘটনা ঘটতে পারে। সিরিয়ার সেনাবাহিনীর কাছে এ ধরনের কোনো অস্ত্র নেই বলেও জানান তিনি। সিরিয়ার সন্ত্রাসীদের কাছে রাসায়নিক অস্ত্র সরবরাহে তুরস্ক জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ইরাক ও সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা কয়েক দফায় বেসামরিক নাগরিক ও সরকারি বাহিনীর ওপর রাসায়নিক হামলা চালিয়েছে। তবে বার বার তারা সরকারি বাহিনীকে দোষারোপ করেছে এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো সন্ত্রাসীদের দাবিকে সমর্থন দিয়ে সিরিয়ার সরকারকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে এসেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৪