সন্ত্রাসীদের স্বার্থেই সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে পশ্চিমা দেশগুলো: আসাদ
-
প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দলের সঙ্গে বৈঠকে বক্তব্য দিচ্ছেন।
সিরিয়ার সেনাবাহিনী যখনই কোনো বিজয় অর্জন করে তখনই পশ্চিমা দেশগুলো বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করতেই তার দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার বিমান ঘাঁটিতে চলতি মাসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা এরকম একটি উদাহরণ বলে মন্তব্য করেন আসাদ।
গতকাল (শনিবার) সিরিয়ায় ক্ষমতাসীন আরব সোসালিস্ট বাথ পার্টি'র কেন্দ্রীয় কমিটির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। বাথ পার্টির আঞ্চলিক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট আসাদ।
প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর এবং দেশের উত্তর ও পূর্ব অংশে সেনাবাহিনীর ব্যাপক সাফল্য অর্জনের পরপরই গত ৭ এপ্রিল তার দেশের হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে ওয়াশিংটন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, তার দেশের সেনাবাহিনী যখনই কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে তখনই আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসীদেরকে রক্ষা করতে দামেস্কের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করে।
আসাদ আরো বলেন, সৌদি আরবের মদদপুষ্ট ওয়াবি সন্ত্রাসীরা এবং সিরিয়ার সরকারের সঙ্গে শত্রুতা পোষনকারী দেশগুলো চলমান সংকটের সময় দামেস্কের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ উপায় অবলম্বন করেছে। সিরিয়ায় মাটিতে যতদিন এসব সন্ত্রাসীদের অস্থিত্ব থাকবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩