যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরা: কেড়ে নিয়েছে ১১৫ প্রাণ
-
ইয়েমেনে কলেরায় আক্রান্ত শিশু
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে গত ২৭ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ১৭ দিনে কলেরায় অন্তত ১১৫ জন মারা গেছে। এছাড়া, হাজার হাজার অসুস্থ রোগী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। তবে পর্যাপ্ত বেড, ওষুধ ও ডাক্তার না থাকায় চিকিৎসাকেন্দ্রগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির পরিচালক (অপারেশন্স) ডোমিনিক স্টিলহার্ট শনিবার ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমরা এখন কলেরার মারাত্মক প্রকোপ মোকাবেলা করছি।” ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে।
স্টিলহার্ট জানান, ইয়েমেনের ১৪টি জেলায় পানিবাহিত এ রোগে ৮,৫০০ ব্যক্তি আক্রান্ত হয়েছে। গত সপ্তাহে ১০ জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ২,৩০০। রেডক্রসের এ কর্মকর্তা জানান, হাসপাতালের একটি সিটের বিপরীতে চারজন রোগী রয়েছে। কোনো কোনো হাসপাতালের বাগানে, এমনকি গাড়িতেও রোগীরা অবস্থান করছে।
ইউনিসেফের প্রতিনিধি শেরিন ভারকি বলেন, রাজধানী সানার সাবিন হাসপাতালের রুম থেকে বারান্দায় রোগী ছড়িয়ে পড়েছে। ফলে ইয়েমেনে কলেরার চলমান পরিস্থিতি একেবারেই মারাত্মক।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫