ইয়েমেনে আজও আগ্রাসন চালিয়েছে সৌদি বাহিনী: নিহত ২৩
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন এখনোও অব্যাহত রয়েছে। সৌদি বিমানবাহিনী আজও (সোমবার) ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে এবং এতে দুই ডজন ব্যক্তি নিহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান আজ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশের আল গারাহি শহরের একটি বাজারের বাইরে কয়েক দফা বোমা বর্ষণ করলে অন্তত ২০ ব্যক্তি নিহত হয়। এছাড়া, হামলায় আহত হয়েছে আরো আট জন।
অন্যদিকে একই প্রদেশের জাবাল রা শহরের একটি মহাসড়কে সৌদি বাহিনীর আলাদা হামলায় আরো ৩ ব্যক্তি নিহত হয়।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত সরাসরি যুদ্ধের কারণে কমপক্ষে ১৩ হাজার ৬০০ মানুষ মারা গেছেন। এছাড়া, যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ ও কলেরায় মারা গেছেন এর চেয়ে অনেক বেশি মানুষ। কিন্তু ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালসহ যেসব উদ্দেশ্য নিয়ে ইয়েমেনের আগ্রাসন শুরু করেছে সৌদি আরব তার কিছুই অর্জিত হয় নি।#
পার্সটুডে/বাবুল আখতার/১