রামি হামদাল্লাহ সুস্পষ্ট মিথ্যা বলেছেন: হামাস
-
হামাসের মুখপাত্র ফুজি বারহুম
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ফিলিস্তিনের স্বশাসিত সরকারের কোনো কর্তৃত্ব নেই বলে প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ যে বক্তব্য দিয়েছেন তাকে ‘ডাহা মিথ্যা ও প্রতারণামূলক’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, “জনগণকে ধোঁকা দেয়া এবং গাজা পরিস্থিতিকে জটিল করার পেছনে নিজের ভূমিকাকে ধামাচাপা দেয়ার জন্য হামদাল্লাহ এ বক্তব্য দিয়েছেন।”
বারহুম বলেন, হামাস বহুদিন ধরে বলে আসছিল, হামদাল্লাহর নেতৃত্বাধীন ফিলিস্তিন জাতীয় ঐক্যমত্যের সরকার বর্তমানে বিভেদ সৃষ্টিকারী সরকারে পরিণত হয়েছে। কাজেই এ সরকার ভেঙে দিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের অধিবাসী সব ফিলিস্তিনির সমর্থন নিয়ে সত্যিকার অর্থে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে হবে।
হামাসের মুখপাত্র বলেন, রামি হামদাল্লাহ সোমবার যে বক্তব্য দিয়েছেন তাতে তার সংগঠনের দীর্ঘদিনের এ দাবির যথার্থতা প্রমাণিত হয়েছে।
হামদাল্লাহ সোমবার বলেছিলেন, গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে হামাস এবং সেখানে তার সরকারের কোনো কর্তৃত্ব নেই।
এর আগে হামাসের কেন্দ্রীয় নেতা সামি আবুজুহরি গত ১৪ ফেব্রুয়ারি বলেছিলেন, প্রধানমন্ত্রী রামি আব্দুল্লাহর সরকার গাজা উপত্যকার দায়িত্ব গ্রহণ করার পর যে ধরপাকড় শুরু করেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের শর্ত মেনে চলার অথবা পদত্যাগ করার জন্য হামদাল্লাহর প্রতি আহ্বান জানান। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০