পূর্ব গৌতার কয়েকটি এলাকা মুক্ত করেছে সিরিয়ার সামরিক বাহিনী
-
সিরিয়ার গৌতায় সেনাবাহিনীর অভিযান।
সিরিয়ার সামরিক বাহিনী রাজধানী দামেস্কের কাছে পূর্ব গৌতার কয়েকটি এলাকা আন-নুসরা এবং অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে মুক্ত করেছে। মুক্ত করা এলাকাগুলো হচ্ছে নাশাবেয়া, হাজর্মা ও ফারজাত পাহাড়।
আজ (রোববার) সিরিয়ার সামরিক বাহিনী এসব এলাকা মুক্ত করে। এছাড়া, আয-জারিকিয়া এলাকায় অভিযান চালালে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। রাজধানী দামেস্কের কাছে পুরো গৌতা এলাকার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে সিরিয়ার সামরিক বাহিনী পূর্ব গৌতা এলাকায় অভিযান চালাচ্ছে। এসব এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো কিছুদিন ধরে ব্যাপকভাবে তৎপর ছিল এবং রাজধানী দামেস্কে মর্টার হামলা চালিয়ে আসছিল।
গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে সিরিয়ায় ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকরের একটি প্রস্তাব পাস করেছে। এর একদিন পর সিরিয়ার সেনারা পূর্ব গৌতায় এই বড় ধরনের সাফল্য পেল। যুদ্ধবিরতির আওতায় নেই আন-নুসরা ও আল-কায়েদাসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫