সিরিয়ার ওপর মার্কিন হামলাকে স্বাগত জানিয়েছে তুরস্ক
-
ফ্রান্সের যুদ্ধজাহাজ থেকে সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে
সিরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনার ওপর আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলাকে স্বাগত জানিয়েছে তুরস্ক সরকার।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলার পর আমেরিকা ও তার মিত্রদের পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলাকে আমরা স্বাগত জানাই। এর মাঝদিয়ে মানবতার চেতনা কিছুটা হলেও ফুটে উঠেছে। শনিবার এ বিবৃতি তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু প্রচার করেছে। বিবৃতিতে পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলাকে কথিত রাসায়নিক হামলার ‘সঠিক জবাব’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এ ধরনের অপরাধ বিনা শাস্তিতে পার পাওয়া উচিত নয়।
শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনে দেয়া সরাসরি বক্তৃতায় বলেন, সিরিয়ায় হামলার জন্য তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এ হামলার ব্রিটেন ও ফ্রান্স অংশ নেবে বলেও তিনি জানান। এরপর মার্কিন ও পশ্চিমা মিত্র বাহিনী শনিবার দিন শুরুর দিকে সিরিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়া জানিয়েছে, পশ্চিমারা সিরিয়ার ওপর ১০৩টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে; এর মধ্যে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিভাগ ৭১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে পেন্টাগন দাবি করেছে, সিরিয়ার ওপর মোট ১০৫টি ক্ষেপণাস্ত্র মারা হয়েছে এবং সবগুলোই ঠিকমতো আঘাত হেনেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪