প্রক্সি যুদ্ধ বাদ দিয়ে সরাসরি হামলা শুরু করেছে আগ্রাসীরা: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i56586-প্রক্সি_যুদ্ধ_বাদ_দিয়ে_সরাসরি_হামলা_শুরু_করেছে_আগ্রাসীরা_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর এসব গোষ্ঠীর প্রভুরা এখন সরাসরি সিরিয়ায় হামলা চালানো শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৮ ০১:০৫ Asia/Dhaka
  • দামেস্কে বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন আলাউদ্দিন বোরুজেরদি
    দামেস্কে বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন আলাউদ্দিন বোরুজেরদি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর এসব গোষ্ঠীর প্রভুরা এখন সরাসরি সিরিয়ায় হামলা চালানো শুরু করেছে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদির সঙ্গে দামেস্কে এক সাক্ষাতে এ মন্তব্য করেন বাশার আসাদ। তিনি বলেন, সিরিয়ার সেনাবাহিনী যখন মিত্র দেশগুলোর সহযোগিতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয়ের কাছাকাছি পৌঁছে গেছে তখন বলদর্পী শক্তিগুলো ভনিতা বাদ দিয়ে সরাসরি আগ্রাসন শুরু করেছে।

সাক্ষাতে বোরুজেরদি বলেন, মধ্যপ্রাচ্য ও সিরিয়ায় আমেরিকা ও তার ক্রীড়নকদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এ কারণে তারা সিরিয়ার বিরুদ্ধে সরাসরি হামলার মতো বেপরোয়া আচরণ করছে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, ইরানের সরকার ও জনগণ সব সময় সিরিয়ার পাশে থাকবে। ইরান চায় সিরিয়ার জনগণ নিজেরাই আলাপ-আলোচনার মাধ্যমে সেদেশের চলমান সংকটের একটি রাজনৈতিক সমাধান বের করুক।

সিরিয়ায় রোববার রাতে আগ্রাসীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে সৌদি আরব, আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর সহযোগিতায় ছড়িয়ে দেয়া উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এ অবস্থায় সম্প্রতি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল একাধিকবার সিরিয়ার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সর্বশেষ রোববার রাতে সিরিয়ার কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

আলাউদ্দিন বোরুজেরদি সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য সোমবারই দামেস্কে পৌঁছান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১