যেকোনো হুমকির মোকাবিলায় ইরানের পাশে থাকবে সিরিয়া: বাশার আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i71677-যেকোনো_হুমকির_মোকাবিলায়_ইরানের_পাশে_থাকবে_সিরিয়া_বাশার_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী যেকোনো হুমকির মোকাবিলায় ইরানের পাশে থাকবে তার দেশ। গতকাল (মঙ্গলবার) দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক বিশেষ সহকারী আলী আসগার খাজি’র সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৯ ০২:১৫ Asia/Dhaka
  • মঙ্গলবার একটি প্রতিনিধিদল নিয়ে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন আলী আসগার খাজি
    মঙ্গলবার একটি প্রতিনিধিদল নিয়ে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন আলী আসগার খাজি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী যেকোনো হুমকির মোকাবিলায় ইরানের পাশে থাকবে তার দেশ। গতকাল (মঙ্গলবার) দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনীতি বিষয়ক বিশেষ সহকারী আলী আসগার খাজি’র সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতে আলী আসগার খাজি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সম্পর্কে প্রেসিডেন্ট আসাদকে অবহিত করেন। তিনি ইরান-সিরিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং দেশটির পুনর্গঠন প্রক্রিয়ার শেষ পর্যন্ত দামেস্ককে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে ইরান।

প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলী আসগার খাজি

সাক্ষাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের ওপর সৃষ্টি করা যেকোনো চাপ ও হুমকি প্রতিহত করার কাজে তেহরানের পাশে থাকবে দামেস্ক। এ সময় দু’পক্ষ সিরিয়ার ইদলিব থেকে সন্ত্রাসীদের বিতাড়নের উপায় নিয়েও মতবিনিময় করেন।

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠকে সিরিয়া বিষয়ক পরবর্তী আস্তানা সম্মেলন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্টের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বাসিনা শা’বান, উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এবং সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক শফিক দাইয়্যুব উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩