এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
-
রকেট লাঞ্চার
ইরাকের রাজধানী বাগদাদের ২৭ কিলোমিটার উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আবারো রকেট হামলা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ওই ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর রকেট হামলা হলো। ইরাক ও আমেরিকার নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
তাজি ঘাঁটিতে অবস্থান করা ইরাকের একজন কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আজ (শনিবার) অন্তত দশটি রকেট ঘাঁটিতে আঘাত হেনেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, তাজি ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় রকেট লঞ্চারসহ একটি ট্রাক পড়ে থাকতে দেখা গেছে এবং তাতে বেশ কিছু অব্যবহৃত কাতিউশা রকেট ছিল।
আজকের হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি এবং কোনো বক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে নি।
গত বুধবার তাজি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপরে একই ধরনের রকেট হামলা হয়েছিল। ওই হামলায় আমেরিকার দুজন এবং ব্রিটেনের একজন সেনা নিহত হয়। ওই হামলার কথাও কেউ স্বীকার করে নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, বুধবারের হামলায় জড়িতদের সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে। তবে তেহরান এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৪