করোনাভাইরাস এবং যুদ্ধ ইয়েমেনে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে: ইউএনডিপি
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি বলেছে, দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসনের ফলে দেশটির উন্নয়ন ২০ বছরে পিছিয়ে পড়েছে। এখন আবার মহমারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যু্দ্ধবিধ্বস্ত ইয়েমেনের জন্য কঠিন হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার এক টুইটার বার্তায় ইউএনডিপি বলেছে, কেবল সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ ইয়েমেনের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নি বরং যুদ্ধবিধ্বস্ত দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সেখানে এখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়েমেন যখন করোনাভাইরাস মোকাবেলায় চরম হিমশিম খাচ্ছে তখন দেশটির জনগণ যাতে প্রয়োজনীয় মৌলিক সামগ্রী যেমন খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম পেতে পারে সে জন্য ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনডিপি।
ইয়েমেনে এখন পর্যন্ত ৫৬ জন ব্যক্তি করোনাভাইরাস কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ৯ জন মারা গেছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মাত্র একজন সুস্থ হয়েছে। গতকাল সোমবার ইয়েমেনের করোনাভাইরাস নিয়ন্ত্রণ বিষয়ক জরুরি কমিটি বন্দর নগরী এডেনকে সবচেয়ে বেশি ভাইরাস কবলিত শহর হিসেবে ঘোষণা দিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে যে, দরিদ্র দেশটিতে দ্রুতগতিতে ভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করবে। গত পাঁচ ধরে ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের শিকার হওয়ার ফলে দেশটির স্বাস্থ্য ব্যবস্থাপনা অনেকটা ভেঙে পড়েছে।#
পার্সটুডে/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।