জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সৌদির সঙ্গে আলোচনার অগ্রগতিতে খুশি ইরান
-
সাঈদ খাতিবজাদে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে তার দেশের যে আলোচনা চলছে তাতে অর্জিত অগ্রগতির ঘটনায় খুশি তেহরান।
তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক এ দুটি শক্তি টেকসই সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আজ (বৃহস্পতিবার) খাতিবজাদে আরো বলেন, গত কয়েক মাসে সৌদি সরকারের সঙ্গে ইরানের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং এ সমস্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে।
সাঈদ খাতিবজাদে জানান, বেশ সুন্দর পরিবেশে এ সমস্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
ইরানের নতুন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দায়িত্ব নেয়ার পরও যথাযথ পর্যায় থেকে দুই পক্ষা বার্তা আদান-প্রদান করেছে এবং কখনো আলোচনা বন্ধ হয় নি। খাতিবজাদে জানান, ইরান সবসময় সৌদি সরকারকে এই বার্তা দিচ্ছে যে, আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে যেসব সমস্যা আছে তার সমাধান এ অঞ্চলেই বিদ্যমান। সৌদি সরকার যদি ইরানের কথায় মনযোগ দেয় তাহলে দু দেশের মধ্যে টেকসই ও সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করা কোনো ব্যাপারই না।#
পার্সটুডে/এসআইবি/২৩