ইজিপ্ট এয়ারের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে
ইজিপ্ট এয়ারের ফ্লাইট ৮০৪’র ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিমান সংস্থাটির ভাইস চেয়ারম্যান আহমেদ আদেল। তিনি আরো বলেছেন, উদ্ধার অভিযান এখন তল্লাসি এবং ধ্বংসাবশেষ উদ্ধার অভিযানে পরিণত হয়েছে।
তিনি বলেন, বিমানটির ধ্বংসাবশেষ গ্রিক দ্বীপ কাপাথোসের কাছে পাওয়া গেছে। গ্রিস ও মিশরের নৌবাহিনী এবং ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী এ তল্লাসি অভিযানে অংশ নিয়েছে। তল্লাসি দলগুলো বিমান থেকে লাইফ জ্যাকেটসহ অন্যান্য জিনিস দেখতে পেয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে, কর্মকর্তারা মনে করছেন, কারিগরি ত্রুটি নয় বরং সন্ত্রাসী তৎপরতায় ৬৬ আরোহীসহ বিমানটি বিধ্বস্ত হয়েছে। রুশ বিশেষজ্ঞরা একই আশংকা ব্যক্ত করেছেন।
এছাড়া, ২৫ হাজার ফুটের বেশি উচ্চতা থেকে নেমে ভূমধ্যসাগরে পড়ার আগে এয়ারবাসটি দুইবার চক্কর খেয়েছে । গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

গতকাল স্থানীয় সময় রাত ২টা ৪২ মিনিটে এয়ারবাস এ৩২০ রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। সে সময় মিশরের উত্তরে ভূমধ্যসাগরের আকাশসীমার ১০ মাইল ভেতরে ছিল এটি। মিশরের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান বলেছেন, গ্রিসের আকাশসীমা ছেড়ে দেশটির আকাশসীমায় ঢোকার দু’মিনিটে মধ্যেই এটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।
গত বছরের ৩ অক্টোবর মিশরের শারম আশ-শেইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয় একটি রুশ যাত্রীবাহী বিমান। এ ঘটনায় বিমানটির ২২৪ আরোহীর সবার মর্মান্তিক মৃত্যু হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিমানে বোমা বসিয়ে ভূপাতিত করার দাবি করেছিল।
এদিকে,মার্চ মাসে ইজিপ্ট এয়ারের একটি বিমান হাইজ্যাক করে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করা হয়েছিল। আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি হাইজ্যাক করা হয়েছিল। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তার সাবেক স্ত্রী’র সঙ্গে সাক্ষাতের দাবিতে বিমানটি ছিনতাই করেছিল।#
পার্সটুডে/মূসা রেজা/২০